ইদের নমাজে যোগ দিতে গিয়ে সিডনির অন্যতম বৃহৎ লাকেম্বা মসজিদে বিক্ষোভের মুখে পড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। গাজায় ইজরায়েলি আগ্রাসন নিয়ে সরকারের অবস্থানের প্রতিবাদে উপস্থিত মুসল্লিদের তীব্র ক্ষোভ ও ব্যঙ্গধ্বনির মাঝেই ইদের জমায়েত ত্যাগ করতে হয়েছে অ্যালবানিজকে।
শুক্রবার সিডনিতে ইদ পালিত হয়েছে। সকালে সিডনির লাকেম্বা মসজিদে সেখানকার ইসলাম সম্প্রদায়ের নেতাদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী অ্যালবানিজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানের শুরুতে মসজিদের একজন নেতা যখন সরকারের পক্ষ থেকে আরও জোরালো যোগাযোগের আহ্বান জানিয়ে বার্তা দেন, তখনই উত্তেজনা সৃষ্টি হয়। উপস্থিত মানুষের একটি বড় অংশ এই দুই নেতাকে 'গণহত্যার সমর্থক' বলে অভিযুক্ত করে এবং চিৎকার করে তাঁদের মসজিদ থেকে বেরিয়ে যেতে বলে।
গাজায় ইজরায়েলি হামলা এবং লেবাননে ধ্বংসযজ্ঞ নিয়ে অ্যান্টনি সরকারের ভূমিকা নিয়ে সে দেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের গভীর ক্ষোভ রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়েও সাধারণ মানুষ ক্ষুব্ধ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী ভিড়ের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়ার সময়ও অনেকে চিৎকার করে বলছিলেন, 'একে এখান থেকে বের করো! এটি একটি লজ্জা।' তবে অ্যালবানিজ এ নিয়ে কোনও মন্তব্য করেননি।
