প্রেমের পথে সব বাধাই যে তুচ্ছ। বয়সের ফারাকও সেখানে কোনও সমস্যা হতে পারে না। পরিচালক অনুরাগ কাশ্যপের ২০ বছরের ছোট প্রেমিকাকে নিয়ে চলছে জোর চর্চা। সকলের মনে একটাই প্রশ্ন, তিপ্পান্ন বছর বয়সি অনুরাগ কী বছর তিরিশের শুভ্রাকে বিয়ে করতে চলেছেন? সম্প্রতি যৌথ সাক্ষাৎকারে প্রেমজীবন নিয়ে মুখ খোলেন অনুরাগ ও শুভ্রা।
অনুরাগ বলেন, "শুভ্রা একেবারেই বিয়েতে বিশ্বাসী নন। আমি ওর সঙ্গে খুব খুশি। আমি ওর সঙ্গেই থাকতে চাই। জীবনে অনেক কিছুই ঘটেছে। দিনে দিনে বয়সও বাড়ছে। আমি এখন বেশি করে সুস্থভাবে বাঁচতে চাই। এটা যদি না ঘটে, তবে কী যে হবে। এখন এসব নিয়ে খুব ভাবি। আমি ভালো থাকতে চাই। আমি কিছু হারাতে চাই না আর।" সম্পর্কের একেবারে শুরুর দিনগুলির কথা ভাবলে আজও হেসে ফেলেন শুক্লা। তিনি জানান, অনুরাগ কাশ্যপ নাকি মাঝেমধ্যে আবেগের বশে বলতেন, "তোমার সঙ্গে দেখা হওয়ার আগে আমি মরতে ভয় পেতাম না। এখন আমি বহুদিন বাঁচতে চাই।"
অনুরাগ কাশ্যপ ও তাঁর প্রেমিকা
কুড়ি বছরের ছোট তরুণীর সঙ্গে সম্পর্ক নিয়ে নানা খোঁচা সহ্য করতে হয়েছে অনুরাগকে। সে প্রসঙ্গে পরিচালক বলেন, "আমরা আমাদের মতো করে মুহূর্ত তৈরি করি। আমরা দু'জনেই বেশ সচেতন। আমি অবশ্য একটু বেশি। ওঁকে ওঁর বয়সের তুলনায় অনেকটা ছোট লাগে। তাই একটু বেশিই সচেতন হয়ে পড়েছিলাম। তবে এখন সেসব কাটিয়ে উঠেছি।"
একাধিকবার সম্পর্কে জড়িয়েছেন অনুরাগ কাশ্যপ। দু'বার বিয়েও করেছেন তিনি। প্রথম স্ত্রী আরতি বাজাজ। ছয় বছরের দাম্পত্যে একটি মেয়েও রয়েছে। তাঁদের ২০০৯ সালে বিচ্ছেদ হয়। এরপর অভিনেত্রী কল্কি কোয়েচলিনের সঙ্গে সম্পর্কে জড়ান অনুরাগ। ২০১১ সালে তাঁদের বিয়ে হয়। বছর চারেক পর বিচ্ছেদ হয়। দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর শুভ্রা শেট্টির সঙ্গে আলাপ। শুভ্রা অনুরাগ কাশ্যপের প্রোডাকশন হাউসে সহ পরিচালকের কাজ করেন। 'ফ্যান্টম' ছবির পর থেকে একে অপরের কাছাকাছি চলে আসেন। তাঁদের মন বিনিময় হয়। ২০১৫ সালে প্রথমবার একসঙ্গে দেখা যায় তাঁদের। বি-টাউনে সম্পর্ক নিয়ে ফিসফিসানি শুরু হয়। ২০১৮ সালে সম্পর্কের গুঞ্জনে সিলমোহর দেন পরিচালক।
