প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইজরায়েল সফরের পরই ইরানের মাটিতে যৌথ হামলা চালিয়েছে নেতানিয়াহুর দেশ। এই ঘটনাকে 'লজ্জাজনক' বলে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিল কংগ্রেস। মধ্যপ্রাচ্যের ইরান ও ইজরায়েল দুই দেশই ভারতের মিত্র। সেখানে এই দুই দেশের সংঘাতে প্রধানমন্ত্রীর উদ্দেশে কংগ্রেসে প্রশ্ন, আপনি কার পক্ষে?
মোদিকে নিশানা করে কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান পবন খেড়া এক্স হ্যান্ডেলে লেখেন, 'প্রধানমন্ত্রী মোদির বন্ধু নেতানিয়াহু এবার ভারতের পুরনো বন্ধু ইরানের উপর হামলা চালিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি ইজরায়েল সফর সেরে ফেরার দু'দিন পরই এই হামলা চলেছে। রুশ-ইউক্রেন যুদ্ধ রুখে দেওয়ার লোক দেখানো নানান প্রক্রিয়া করেছিলেন উনি। এবার ইজরায়েল সফরে গিয়ে কেন দুই দেশের উত্তেজনা কমানোর কোনও চেষ্টা উনি করলেন না? উনি কি এই যুদ্ধকে সমর্থন করেন?'
শুধু তাই নয়, ১৯৯৪ সালের অতীত টেনে কংগ্রেসের তরফে বলা হয়েছে, 'সেই সময় দৃঢ়ভাবে ভারতের পাশে দাঁড়িয়েছিল ইরান। রাষ্ট্রসংঘে পশ্চিমের দেশগুলির ষড়যন্ত্র ভেঙে কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছিল ইরান। আর আজ ভারতের সেই বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। পশ্চিমের দেশগুলিকে খুশি করতে মোদির ভারত এতদিনের মধ্যপ্রাচ্য নীতির সঙ্গে আপস করছে। এটা লজ্জার।'
উল্লেখ্য, ২৫-২৬ ফেব্রুয়ারি ইজরায়েল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে ভারত ও ইজরায়েলের মধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ চুক্তি সাক্ষর করার পাশাপাশি ইজরায়েলের সংসদে ভাষণও দেন তিনি। মোদির ভারতে ফিরে আসার পরই শনিবার ইরানের উপর হামলা শুরু করে ইজরায়েল। তাৎপর্যপূর্ণ বিষয় হল ইরান ও ইজরায়েল দুই দেশই ভারতের বন্ধু দেশ। তার উপর মোদির সফরের পরই ইরানের উপর এই হামলায় সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলল বিরোধী শিবির।
Advertisement
