ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন স্বরাষ্ট্র (হোমল্যান্ড সিকিয়োরিটি) সচিব ক্রিস্টি নোয়েমকে সরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর জায়গায় আনা হয়েছে আমেরিকার ওকলাহোমা প্রদেশের রিপাবলিকান সেনেটর মার্কওয়েন মুলিনকে। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমেরিকার সুরক্ষার জন্য ক্রিস্টিকে বিশেষ দূত হিসাবে নিয়োগ করা হবে। পাশাপাশি, পশ্চিম গোলার্ধের নিরাপত্তা নিয়ে নতুন একটি উদ্যোগের কথাও ঘোষণা করা হবে।’ কিন্তু মার্কিন স্বরাষ্ট্র সচিবকে কী কারণে সরানো হল, তা স্পষ্ট করেননি ট্রাম্প। তবে ক্রিস্টির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেছেন, ‘ক্রিস্টি ভালো কাজ করেছেন। বিশেষ করে আমেরিকার সীমান্তরক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’
ক্রিস্টিকে স্বরাষ্ট্র সচিবের পদ থেকে সরানো নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে। একটি অংশের বক্তব্য, ক্রিস্টির কাজে অসন্তুষ্ট ছিলেন খোদ ট্রাম্প প্রশাসনের একাংশ। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট যে কঠোর অভিবাসন নীতি চালু করেছেন, তা মেনে চলছেন না ক্রিস্টি। ফলে প্রশাসনের অন্দরেই ক্রিস্টির বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল। তাছাড়া সম্প্রতি মিনিয়েপলিসে অভিবাসন আধিকারিকদের গুলিতে দু’জনের মৃত্যু হয়। এরপরই আমেরিকার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়। ফলে মনে করা হচ্ছে, বিতর্কের জেরেই ক্রিস্টিকে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
