মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধে নামায় উপকৃত গোটা বিশ্ব। এবার সুর চড়িয়ে ট্রাম্পের আরও দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গোটা মধ্যপ্রাচ্যকে রক্ষা করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্টের কথায়, 'পরমাণু বোমা হাতে পেলেই হামলা চালাবে ইরান। তছনছ হয়ে যাবে গোটা মধ্যপ্রাচ্য। তাই আমরা চাই না ইরানের হাতে এই মারণাস্ত্র আসুক।'
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "আমি অন্য যে কারও তুলনায় যুদ্ধের বিষয়ে অনাগ্রহী। কিন্তু ইরানের নেতারা হিংসাত্মক ও বিষাক্ত। ওরা মাত্র ৩ সপ্তাহের মধ্যে ৩২ হাজার আন্দোলনকারীকে হত্যা করেছে। এরপরও যদি আপনি মনে করেন, ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকা দরকার, তবে তার পরিণতি কী হতে পারে সেটাও জানা উচিত। যদি ওরা এই মারণাস্ত্র পেয়ে যায় তবে এক ঘণ্টার মধ্যে বা একদিনের মধ্যে তা ব্যবহার করে ফেলবে। এই পরিস্থিতিতে শুধু ইজরায়েলের অস্তিত্ব সংকট নয়, গোটা মধ্যপ্রাচ্যে উড়িয়ে দেবে ওরা।"
ইরানের নেতারা হিংসাত্মক ও বিষাক্ত। ওরা মাত্র ৩ সপ্তাহের মধ্যে ৩২ হাজার আন্দোলনকারীকে হত্যা করেছে।
উল্লেখ্য, আমেরিকা ও ইজরায়েল শুরু থেকেই অভিযোগ করে আসছে গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে ইরান। এমনকী তাঁদের পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়া ৬০ শতাংশের উপরে পৌঁছে গিয়েছে। যা শান্তিপূর্ণ পরমাণু সমৃদ্ধকরণের তুলনায় অনেক বেশি। ইরানের সেই পরমাণু ভাণ্ডার ধ্বংস করতে গত বছর হামলা চালিয়েছিল আমেরিকা ও ইজরায়েল। নতুন করে ফের শুরু হয়েছে যুদ্ধ। যদিও ইরান বারবার বলে এসেছে তারা কোনও পরমাণু অস্ত্র তৈরি করছে না।
