এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে ইরানের মাটি থেকে উদ্ধার বিশ্বের সামনে সাফল্যের বুক বাজিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা জয়ের ঢাক পেটালেও এবার মার্কিন অভিযানকে 'ব্যর্থ অভিযান' বলে দাবি করল ইরান। তাদের বক্তব্য, পাইলট উদ্ধারের আড়ালে আসলে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করতে এসেছিল আমেরিকা। বহু চেষ্টা সত্ত্বেও তারা ব্যর্থ হয়ে পালিয়েছে।
গত শুক্রবার ইরানে অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়েছিল দুটি মার্কিন যুদ্ধবিমান। এর মধ্যে একটি বিমানের পাইলট নিরাপদে ফিরতে পারলেও, এফ-১৫ বিমানের পাইলটের কোনও খোঁজ মেলেনি। দাবি করা হয়, এই পাইলটকে খুঁজতে বিরাট অভিযান চালিয়েছিল আমেরিকা। খোদ ট্রাম্প বলেছেন, অভিযানে নেমেছিল ১৫৫টি বিমান ও একাধিক বাহিনী নিখোঁজ সেই পাইলটকে উদ্ধার করে নিয়ে যাওয়ারও দাবি করে আমেরিকা। তবে এই অভিযানে নিজেদের দুটি বিমান ধ্বংসও করতে হয় আমেরিকাকে। একজন পাইলটকে উদ্ধারে আমেরিকার এই মহাযজ্ঞ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল ঠিক সেই সময় চাঞ্চল্যকর দাবি করল ইরান।
ইরানের বক্তব্য, পাইলট উদ্ধারের আড়ালে আসলে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করতে এসেছিল আমেরিকা। বহু চেষ্টা সত্ত্বেও তারা ব্যর্থ হয়ে পালিয়েছে।
এই অভিযান নিছক পাইলট উদ্ধারের জন্য ছিল না দাবি করে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, 'কোহগিলুয়ে ও বয়ার-আহমদ প্রদেশের সীমানার পাহাড়ি এলাকায় ছিলেন ওই পাইলট। কিন্তু মার্কিন সেনা নেমেছিল তার থেকে অনেক দূরে।' এরপরই ইরানের ওই আধিকারিক বলেন, 'পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির ষড়যন্ত্র হতে পারে এই অভিযান।' একইসঙ্গে বলেন, 'তবে চেষ্টা করলেও সে কাজে সফল হয়নি আমেরিকা। ওদের অভিযান সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটা আমেরিকার কাছে একটা বিপর্যয়।'
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে একমাসেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধের নেপথ্যে রয়েছে এই ইউরেনিয়াম। দাবি করা হয়, তেহরানের কাছে রয়েছে ৬০ শতাংশের বেশি সমৃদ্ধ ৪০০ থেকে ৪৫০ কেজি ইউরেনিয়াম। ট্রাম্প দাবি করেছেন, ইরানের হাতে এই ইউরেনিয়াম থাকার অর্থ গোটা মধ্যপ্রাচ্যের বিপর্যয়। এই ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেওয়ার দাবি করেছেন ট্রাম্প। তবে মার্কিন প্রস্তাবে রাজি হয়নি ইরান। এই ইউরেনিয়াম উদ্ধারে ইরানে স্থল অভিযান চালানোর ইঙ্গিতও দিয়েছিলেন ট্রাম্প। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কী পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়ামের খোঁজে নেমেছিল আমেরিকা। যদি সেটাই হয়ে থাকে তবে পাইলট উদ্ধারে সাফল্যের বুক বাজালেও, বাস্তবে আমেরিকার এই অভিযান সম্পূর্ণরূপে ব্যর্থ।
