মিনেসোটা দিয়ে শুরু। সেখানে অন্তত ৩০টি পৌরসভার জল সরবরাহ ব্যবস্থা সাইবার হামলার শিকার। এফবিআই সূত্রে জানা গিয়েছে, পরবর্তীতে হ্যাকারদের ষড়যন্ত্রে বিপর্যস্ত মিনেসোটা-সহ আমেরিকার সাতটা প্রদেশের অসংখ্য পৌরসভার জলসরবরাহ ব্যবস্থা। এর ফলে সাময়িকভাবে অস্বস্তিতে পড়েছে ওই পৌর এলাকাগুলির লক্ষ লক্ষ অধিবাসী। প্রশ্ন উঠছে, ঘটনার নেপথ্যে কি ইরান?
মার্কিন সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, জর্জিয়া, নিউ জার্সি এবং দক্ষিণ ডাকোটাও একই ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এফবিআই স্পষ্ট করেনি, বিপর্যস্ত সাতটি প্রদেশের মধ্যে এই তিন প্রদেশও অন্তর্ভুক্ত কিনা। সূত্রের খবর, শুরুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করে। হ্যাকাররা ইরান সমর্থিত বলেই দাবি করা হয়েছিল। যদিও মার্কিন সরকার এখনও পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, গোটা দেশে ১,৫২,০০০টি সরকারি পানীয় জল সরবরাহ ব্যবস্থা এবং ১৬,০০০-এরও বেশি বর্জ্য জল শোধনাগার রয়েছে। অধিকাংশ পৌরসভা হ্রদ, জলাধার, নদী কিংবা ভূগর্ভস্থ জলস্তর (অ্যাকুইফার) থেকে তাদের জলের জোগান পায়। পরিশুদ্ধ করার পর তা পাইপ লাইনের মাধ্যমে মার্কিন নাগরিকদের ঘরে ঘরে পাঠানো হয়। সাইবার হামলায় এই পরিষেবাতেই ব্যাঘাত ঘটেছে।
উল্লেখ্য, যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু, রেল স্টেশনের মতো পরিকাঠামোতে হামলা চালিয়েছিল মার্কিন সেনা। বিশ্লেষকদের একাংশের অভিমত, ইরান পালটা আমেরিকার জল সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলা চালালে অবাক হওয়ার কিছু নেই।
