শান্তিপ্রস্তাব উড়িয়ে অব্যাহত ইরানের মার। আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান (এফ/এ-১৮ হর্নেট) ধ্বংস করল তেহরান। বৃহস্পতিবার এমনটাই দাবি করল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে আমেরিকার সামরিক ভাণ্ডারে ‘এফ-১৮’ নামে কোনও যুদ্ধবিমান নেই। মনে করা হচ্ছে, ইরান যে মার্কিন যুদ্ধবিমানের কথা বলেছে, সেটি হল ‘এফ/এ-১৮ হর্নেট’।
আইআরজিসি দাবি করেছে, তারা মার্কিন যুদ্ধবিমানটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। তবে ঠিক কোথায় এই যুদ্ধবিমানটিকে ভূপতিত করা হয়েছে, তা তারা স্পষ্ট করেনি। শুধু তা-ই নয়, পাইলটের কী অবস্থা সেটাও জানায়নি ইরান। তবে সে দেশের সরকারি সংবাদমাধ্যমে মার্কিন এই যুদ্ধবিমান ধ্বংসের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, যুদ্ধবিমানটি আকাশে উড়ছে এবং সেটির দিকে একটি ক্ষেপণাস্ত্র ছুটে আসছে। কিছুক্ষণ পর মাঝআকাশেই যুদ্ধবিমানটি তার স্থিতিশীলতা হারায় এবং নিচে নেমে আসে। তবে ইরানের এই দাবি খারিজ করে দিয়েছে আমেরিকা। একটি মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকার কোনও যুদ্ধবিমানকে ইরান ধ্বংস করতে পারেনি।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই হরমুজ প্রণালীর কাছে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ ধ্বংস করার দাবি করে ইরান। তারও আগে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে হামলা চালিয়েছিল ইরান। সেটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল। যদিও প্রতি ক্ষেত্রে তেহরানের দাবি উড়িয়ে দিয়েছে পেন্টাগন। এফ-৩৫-এর জরুরি অবতরণ নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল, “আমরা যেখানে খুশি উড়ছি। কেউ আমাদের দিকে গুলি করছে না।” এবারও ইরানের দাবি উড়িয়ে দিয়েছে আমেরিকা।
