ইংলিশ চ্যানেল পার হওয়ার সময়ে আটক জাহাজের ক্যাপ্টেন অজয় পন্থের স্ত্রী দাবি করলেন, তাঁর স্বামীকে ফাঁসানো হয়েছে। রুশ তেলবাহী জাহাজটি রাশিয়া থেকে ইংলিশ চ্যানেল পেরিয়ে ভারতের দিকে রওনা দিয়েছিল। যেহেতু রুশ তেলের উপর নিষেধাজ্ঞা রয়েছে, সেকারণেই ব্রিটিশ জলসীমায় প্রবেশ করা মাত্র জাহাজটিকে আটক করা হয়। গত ১৪ জুন থেকে ব্রিটিশদের হেফাজতে রয়েছেন অজয় (Indian Captain Arrested)। এই পরিস্থিতিতে মুখ খুললেন তাঁর স্ত্রী ঋতু পন্থ।
সংবাদ সংস্থা এএফপিকে তিনি জানিয়েছেন, ‘‘আমার স্বামীকে কেবল বলির পাঁঠা বানানো হয়েছে। তিনি ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত ছিলেন।'' গত মাসদুয়েক এই ঘটনা নিয়ে শোরগোল চলছে। তবু তাঁর পরিবারের তরফে মুখ খোলা হয়নি। এই প্রথম এই বিষয়ে বিবৃতি দিতে দেখা অজয়ের পরিবারের কোনও সদস্যকে।
ঋতু জানাচ্ছেন, জামিন না মেলায় তিনি কারাগারে কঠিন সময় পার করছেন। গ্রেপ্তারের পর তাঁদের মধ্যে হওয়া ফোনে কথোপকথনের কথা স্মরণ করে তিনি বলছেন, “ও মানসিকভাবে ভেঙে পড়েছিল। কেবলই কাঁদছিল। ওর সঙ্গে কী ঘটেছে, সেটাই বুঝতে পারছিল না... শুধু বলেছিল, আমি জেলে আছি, দয়া করে আমাকে এখান থেকে বের করো।”
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এক লক্ষ টনের উরাল ক্রুড নিয়ে জুন মাসের শুরুতে রাশিয়া থেকে রওনা দেয় জাহাজটি। গুজরাটের সিক্কা বন্দরে নোঙর করার কথা ছিল। কিন্তু জাহাজে কোনও বৈধ পতাকা ছিল না। গত ডিসেম্বর পর্যন্ত ক্যামেরুনের পতাকা ব্যবহার করেছে এই জাহাজ। রুশ তেল নিয়ে বিনা পতাকার জাহাজ দেখেই আটক করেছে ব্রিটিশ বাহিনী। প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের বিশেষ নির্দেশেই এই কাজ হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু ‘নির্দোষ’ অজয় কবে মুক্তি পাবেন? উত্তর অধরাই।
