shono
Advertisement
Israel Air strike

ইরানের ক্ষেপণাস্ত্রের পালটা এয়ারস্ট্রাইক শুরু ইজরায়েলের, ট্রাম্পের আর্জি কানে তুললেন না নেতানিয়াহু

নেতানিয়াহু যাতে যুদ্ধের পথে পা না বাড়ান তার জন্য তড়িঘড়ি তাঁকে ফোন করে হামলা না করার পরামর্শ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সে আবেদন কানেই তুললেন না ইজরায়েলের প্রধানমন্ত্রী।
Published By: Amit Kumar DasPosted: 09:44 AM Jun 08, 2026Updated: 03:50 PM Jun 08, 2026

বেইরুটে হামলার পালটা রবিবার রাতে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এরই জবাবে এবার ইরানের উপর ঝাঁপিয়ে পড়ল ইজরায়েল (Israel Air strike)। সোমবার ভোর থেকে ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ভয়ংকর হামলা চালাল নেতানিয়াহুর দেশ। যার অর্থ, সংঘর্ষবিরতিতে দাঁড়ি টেনে ফের যুদ্ধের আগুনে ঝাঁপ দিল মধ্যপ্রাচ্য। নেতানিয়াহু যাতে যুদ্ধের পথে পা না বাড়ান তার জন্য তড়িঘড়ি তাঁকে ফোন করে হামলা না করার পরামর্শ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সে আবেদন কানেই তুললেন না ইজরায়েলের প্রধানমন্ত্রী।

Advertisement

ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দেশটির রাজধানী তেহরানের পাশাপাশি ইসফাহান, তাবরিজ-সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তেহরানের পশ্চিমে কারাজেও বড় বিস্ফোরণ ঘটেছে। ইজরায়েলের সেনা বাহিনীর তরফে জানানো হয়েছে, তাদের বিমানবাহিনী সম্প্রতি পশ্চিম ও মধ্য ইরানের সামরিক ঘাঁটিগুলিকে নিশানা করেছে। এদিকে হামলার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে ইরানের আকাশসীমা। সংঘর্ষ বিরতিতে দাঁড়ি টেনে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তিকে আরও বহুদূর ঠেলে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সংঘর্ষ বিরতিতে দাঁড়ি টেনে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তিকে আরও বহুদূর ঠেলে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

জানা যাচ্ছে, রবিবার দক্ষিণ বেইরুটে হামলা চালিয়েছিল ইজরায়েল। এই হামলায় ২ জন নিহত ও ১১ জন আহত হন। নেতানিয়াহু জানান, উত্তর ইজরায়েলে বোমা হামলার পালটা এই অভিযান চালিয়েছে তাঁরা। তাঁদের টার্গেট ছিল হেজবোল্লার কমান্ড সেন্টার। যুদ্ধবিরতির মাঝে ইজরায়েলের বেইরুট হামলার পালটা রাতেই ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই ঘটনায় নড়েচড়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট। সংবাদমাধ্যমকে জানান, ‘এখনই বিবিকে (নেতানিয়াহু) ফোন করব। বলব, তিনি যেন পাল্টা আক্রমণ না করেন।’ জানা যায়, তিনি নেতানিয়াহুকে ফোন করে যুদ্ধে না যাওয়ার পরামর্শ দেন। তবে ট্রাম্পের সে পরামর্শ যে নেতানিয়াহু কানে তোলেননি সোমবারের হামলা তারই প্রমাণ।

এদিকে কূটনৈতিক মহলের মতে, আসলে ট্রাম্পের ভূমিকায় একেবারেই খুশি নন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন। দীর্ঘ টানাপোড়েনের পর এই চুক্তির অর্থ ইরানের সঙ্গে অনেকটাই আপসের পথে হাঁটছে আমেরিকা। এই অবস্থায় যদি চুক্তি সম্পন্ন হয় তাহলে নেতানিয়াহুর তা দাঁড়িয়ে দেখা ছাড়া অন্য কোনও উপায় নেই। এই অবস্থায় ইজরায়েলের হামলা ও যুদ্ধের আগুনে আহুতি দেওয়ার ঘটনা কূটনৈতিক চাল হতে পারে বলেও মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement