আমেরিকার সঙ্গে সংঘাতের মধ্যেই ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল (Israel-Iran War)। শুরুতে এমনটাই খবর থাকলেও শনিবার খুল্লামখুল্লা ইরানের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এদিন তিনি বলেন, 'ইরানের ক্ষেপণাস্ত্র সম্ভার ধ্বংস করতে' এবং নৌবাহিনীকে নিশ্চিহ্ন করতে 'বড়সড় সামরিক অভিযান শুরু করেছে মার্কিন ফৌজ'। বস্তুত খামেনেই জমানার অবসান ঘটাতে চূড়ান্ত অভিযান শুরু করেছে আমেরিকা ও ইজরায়েল। বিদেশ থেকে হামলাকে স্বাগত জানিয়েছেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পহলভি। বর্তমান অবস্থায় তেহরানবাসী ভারতীয়দের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে দিল্লি।
একটি ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন, "ইরানের বর্তমান শাসকগোষ্ঠীকে শায়েস্তা করে আমেরিকার জনগণকে সুরক্ষিত করাই আমাদের কাজ।" যোগ করেন, "আমরা ওদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যাচ্ছি। ওদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে মাটিতে মিশিয়ে দিতে চলেছি। ওদের নৌবাহিনীকেও ধ্বংস করতে যাচ্ছি।" ইরানের সেনার প্রতি মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, "হয় আত্মসমর্পণ করুন অথবা নিশ্চিত মৃত্যু।" আরও বলেন, “একটি জঙ্গিরাষ্ট্রের হাতে কোনও ভাবেই পরমাণু অস্ত্র থাকতে পারে না।” মধ্যপ্রাচ্যের দেশটির সাধারণ মানুষের প্রতি ট্রাম্পের বার্তা, "আপনাদের স্বাধীনতার সময় এসে গিয়েছে।"
দেশে ইজরায়েল-আমেরিকার যৌথ হামলাকে স্বাগত জানিয়েছেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পহলভি। ইরানি সেনার প্রতি তাঁর বার্তা, মৌলবাদী শাসকদের নয়,সাধারণ মানুষকে রক্ষা করুন। অন্তরাল থেকে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেছেন, "আপনারা (সেনা) ইরান এবং ইরানি জনগণকে রক্ষা করার শপথ নিয়েছিলেন, ইসলামী প্রজাতন্ত্র এবং তার নেতাদের সুরক্ষা দেওয়া আপনাদের কাজ নয়।" রেজার ভাষায় খামেনেইকে ক্ষমতাচ্যূত করতে ইরান-ইজরায়েলের যৌথ হামলা ঐতিহাসিক এবং 'মানবিক হস্তক্ষেপ'।
প্রসঙ্গত, শনিবার সাতসকালে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইজরায়েল। ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে শহরে। তার পরে পাল্টা হানার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে ইজরায়েলেও। ইতিমধ্যে ওই দেশের আকাশসীমায় যাত্রিবাহী বিমান চলাচল বন্ধ করা হয়েছে। ইজরায়েলের মন্ত্রী মিরি রেজেভ জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে রাষ্ট্রের আকাশসীমায় অসামরিক বিমান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ইজরায়েলে প্রবাসী ভারতীয়দের নিরাপদ জায়গায় যাওয়ার নির্দেশ দিল সে দেশের ভারতীয় দূতাবাস। তাদের নির্দেশ, ইজরায়েলি প্রশাসনের সুরক্ষাবিধি মেনেই যেন পদক্ষেপ করেন ভারতীয়েরা।
