shono
Advertisement
North Korea

রণং দেহি কিম! আমেরিকা-দক্ষিণ কোরিয়ার মহড়ার আগেই ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

অশান্ত মধ্যপ্রাচ্য। তার মধ্যেই উত্তর কোরিয়ার একনায়ক শাসকের দেশের কড়া বার্তা আমেরিকাকে!
Published By: Biswadip DeyPosted: 12:18 PM Aug 12, 2026Updated: 12:19 PM Aug 12, 2026

'রণং দেহি' ভাবমূর্তি বজায় রাখতে মরিয়া উত্তর কোরিয়ার একনায়ক রাষ্ট্রনেতা কিম জং উন। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র ছুড়ল তাঁর দেশ। আজ বুধবার ভোরে দেশটির পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। কয়েকদিন আগেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এদিনের নিক্ষেপ বুঝিয়ে দিল, আমেরিকা-দক্ষিণ কোরিয়ার মহড়ার আগেই তিনি কড়া বার্তা দিতে চান। ওয়াকিবহাল মহলের মতে, অশান্ত মধ্যপ্রাচ্যে উত্তর কোরিয়ার একনায়ক শাসকের দেশ কড়া বার্তা দিল আমেরিকাকে!

Advertisement

স্থানীয় সময় ভোর ৬টায় উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ। সেটি সমুদ্রে পড়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে। এমনটা আসলে নতুন নয়। দক্ষিণ কোরিয়া ও আমেরিকার এই ধরনের সামরিক মহড়ার আগে প্রতিবারই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে বার্তা দেন কিম। সাম্প্রতিক বছরগুলিতে কিম রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে উঠেপড়ে লেগেছেন তিনি। পাশাপাশি চিনের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার পদক্ষেপ করতে কূটনৈতিক পথে হাঁটতেও দেখা গিয়েছে তাঁকে। গত জুনেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিং সাত বছরের মধ্যে প্রথমবারের মতো পিয়ংইয়ং সফর করেন। যাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে ওয়াকিবহাল মহল।

প্রসঙ্গত, নিজেদের প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে সিওল ও ওয়াশিংটন ১৭ আগস্ট থেকে তাদের বার্ষিক সামরিক মহড়া ‘উলচি ফ্রিডম শিল্ড’ শুরুর ঘোষণা করেছিল দু'দিন আগেই। এরপরই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনাটি ঘটল। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিষিদ্ধ করা হলেও পিয়ংইয়ং তার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। গত মে মাসে পরমাণু নীতি বদল করেছে উত্তর কোরিয়া। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যদি বিদেশি রাষ্ট্রের হামলায় উত্তর কোরিয়ার শাসক কিম জন উনের মৃত্যু হয় তবে পালটা পরমাণু হামলা চালাবে দেশটি। এই পরমাণু হামলায় যাতে কোনও আইনি বাধা না আসে সে কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। পাশাপাশি, কোনও দেশ যাতে তাদের উপর আক্রমণ চালানোর দুঃসাহস না দেখায়, এই পদক্ষেপ তার আগাম সতর্কবার্তা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement