shono
Advertisement

Breaking News

Israel

'শুধু আমেরিকা কেন, ভারতও আমাদের ভালো বন্ধু', ভ্যান্সের দাবি উড়িয়ে বার্তা নেতানিয়াহুর

ইজরায়েলকে সতর্ক করে ভ্যান্স বলেছিলেন, "আমেরিকা ছাড়া ইজরায়েলের আর কোনও বন্ধু নেই। আমি যদি ইজরায়েলের মন্ত্রিসভায় থাকতাম তবে একমাত্র শক্তিশালী বন্ধুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতাম না।"
Published By: Amit Kumar DasPosted: 10:06 AM Jul 06, 2026Updated: 10:06 AM Jul 06, 2026

ভারতকে ঢাল করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দাবি ওড়ালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভ্যান্স বলেছিলেন, আমেরিকা ছাড়া ইজরায়েলের কোনও বন্ধু নেই। সেই দাবি খারিজ করে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু জানালেন, ভারত-সহ আরও বহু দেশের সমর্থন রয়েছে ইজরায়েলের সঙ্গে।

Advertisement

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ইজরায়েল। চুক্তির প্রাথমিক শর্তে বলা ছিল, সমস্ত ফ্রন্টে যুদ্ধ থামাতে হবে। তবে ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও সে শর্ত মানেনি ইজরায়েল। যার জেরে ব্যাহত হয়েছে শান্তির পথ। এই অবস্থার মাঝেই হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক থেকে ইজরায়েলকে সতর্ক করে ভ্যান্স বলেন, "আমেরিকা ছাড়া ইজরায়েলের আর কোনও বন্ধু নেই। আমি যদি ইজরায়েলের মন্ত্রিসভায় থাকতাম তবে একমাত্র শক্তিশালী বন্ধুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতাম না।"

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু জানালেন, ভারত-সহ আরও বহু দেশের সমর্থন রয়েছে ইজরায়েলের সঙ্গে।

তবে ভ্যান্সের এহেন দাবি পুরোপুরি খারিজ করে দেন নেতানিয়াহু। সংবাদমধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "সাধারণভাবে যা দেখা যায়, বাস্তব পরিস্থিতি তার থেকে সম্পূর্ণ ভিন্ন। আমাদেরও অনেক বন্ধু রয়েছে।" এরপরই ভারতের নাম নিয়ে তিনি বলেন, "১৪০ কোটির বেশি মানুষের বাস ভারতে। এতবড় একটা দেশ আমাদের বন্ধু। ওখান থেকে বিপুল সমর্থন পাই আমরা।" ভারতের সাধারণ মানুষ সরাসরি তাঁকে ফেসবুকে বার্তা পাঠান বলেও জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, "আমাদের অনেক বন্ধু রয়েছে। অনেক দেশ ইজরায়েলের উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থার সুবিধা নিতে চায়।"

উল্লেখ্য, আগামী ১৩ জুলাই ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা রয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অচলাবস্থা, ইরানের চুক্তি নিয়ে এই বৈঠকে বিশদ আলোচনা হবে দুই নেতার। তার আগেই বন্ধুত্বের প্রশ্নে কিছুটা হলেও ঠোকাঠুকি লাগল আমেরিকা ও ইজরায়েলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement