আফগানিস্তানে ফের হামলা চালাল পাকিস্তান। পরপর গোলাবর্ষণে কাঁপল কান্দাহার। পালটা জবাবে পাকিস্তানের ওয়াজিরিস্তানে অবস্থিত একটি সেনা ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে তালিবান। গোটা ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতভর আফগানিস্তানে হামলা চালিয়েছে পাক সেনা। ইসলামাবাদের দাবি, সীমান্তে থাকা জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করতেই এই অভিযান চালানো হয়েছে। এই জঙ্গিঘাঁটিগুলি থেকেই পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছিল বলে অভিযোগ করেছে পাক সরকার। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জানিয়েছেন, কান্দাহারে রাতভর অভিযান চালিয়েছে পাক বায়ুসেনা। খতম করা হয়েছে একাধিক জঙ্গিকে। পাশাপাশি, গুঁড়িয়ে দেওয়া হয়েছে সীমান্তে থাকা জঙ্গিঘাঁটিগুলিকে।
রবিবার তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ এই হামলার খবর নিশ্চিত করেছেন। তবে তিনি জানিয়েছেন, এই হামলায় খুব সামান্যই ক্ষয়ক্ষতি হয়েছে। কান্দাহারে অবস্থিত একটি রিহ্যাব কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের এই হামলার পালটা জবাব দিয়েছে তালিবান সেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ওয়াজিরস্তানের একটি সেনা ক্যাম্প। তবে এবিষয়ে ইসলামাবাদ এখনও পর্যন্ত মুখ খোলেনি।
উল্লেখ্য, গত মাস থেকেই রক্তাক্ষয়ী সংঘাতে জড়িয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। পাকিস্তানের অভিযোগ, টিটিপি-সহ একাধিক জঙ্গিগোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। তাদের নিকেশ করতেই দফায় দফায় এয়ারস্ট্রাইক চালানো হয় আফগানিস্তানে। লাগাতার পাকিস্তানি হামলার পালটা দিতে গত ২৬ ফেব্রুয়ারি রাতে পাক সীমান্ত পেরিয়ে আক্রমণ করে আফগান ফৌজ। পাকিস্তানের অন্তত ১২টি পোস্ট আফগানিস্তানের দখলে এসেছে বলেও দাবি করে তালিবান প্রশাসনের। মৃত্যু হয় পাকিস্তানের ৫৫ জন সেনা জওয়ানের। সেই হামলার পালটা আফগানিস্তানের একাধিক এলাকায় আক্রমণ করেছে পাকিস্তান। সেই রেশ এখনও বজায় রয়েছে।
