গত বছর অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর অভিবাসনবিরোধী মিছিলের সাক্ষী হয়েছিল। এবার মেলবোর্নের গিলংয়ে এক শিখ যুবককে মানসিক ও শারীরিক হেনস্থা করল বর্ণবিদ্বেষীরা। ২২ বছরের ওই যুবককে 'ভারতীয় কুকুর' বলে গালমন্দ করা হয়, মেরে নাক ভেঙে দেওয়া হয় তাঁর।
২২ বছরের যুবকের নাম হরমনপ্রীত সিং। তিনি পেশায় নার্স। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ গিলংয়ে কোরিওতে একটি জিমে শারীরিক কসরত করছিলেন তিনি। সেই সময় তাঁকে গালমন্দ করে একদল স্থানীয় যুবক। হরমনপ্রীত পালটা উত্তর না দেওয়ায় জিমের ভিতরে বিষয়টি বেশি দূর এগোয়নি। কিন্ত প্রবাসী ভারতীয় যুবক জিম থেকে বেরোতেই তিন যুবক তাঁকে ঘিরে ধরে বলে 'ভারতীয় কুকুর', 'যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাও'। তিন জনের মধ্যে একজন মাথা দিয়ে হরমনপ্রিতের নাকে প্রবল আঘাত করেন। এর ফলে নাকের হাড় ভেঙে রক্তাক্ত হন তিনি।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইননিউজকে হরমনপ্রিত জানান, "লোকটা আমার দিকে এগিয়ে আসে। মাথা দিয়ে আমার নাকে সজোরে আঘাত করে।" এর পর আহত অভিবাসী ভারতীয় যুবককে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সংবাদমাধ্যমকে হরমনপ্রিত বলেন, "এমন ঘটনা মেনে নিতে পারছি না, বিশেষত যখন কেউ সম্পূর্ণ নিজের কাজে ব্যস্ত।" তাঁর বোন খুশি কাউরের বক্তব্য, আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। হরমনপ্রিত বলেন, "মানসিক ভাবে শক্তই আছি। এমন ঘটনায় ভয় পাচ্ছি না।" তবে "এর পর জিমে যাওয়া নিরাপদ হবে না।"
প্রসঙ্গত, গত বছর থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসীবিরোধী বিক্ষোভ শুরু হয়। এর পর সে দেশে ভারতীয়দের উপর হামলা ঘটনা বাড়ছে। চলতি মাসেই একাধিক অস্ট্রেলিয়া প্রবাসী ভারতীয়র ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এছাড়াও শিখ ও হিন্দু উপাসনালয়ে ভাঙচুর চালানোর ঘটনাও দেখা গিয়েছে। সব মিলিয়ে অস্ট্রেলায় বাসিন্দা প্রবাসী ভারতীয়দের জন্য উদ্বেগ বাড়ছে।
