shono
Advertisement
Nepal

মৃতের চুলের মুঠি ধরে সোনার দুল ছিঁড়ছে যুবকরা! ভাইরাল নেপালের বীভৎস ভিডিও, গ্রেপ্তার ২

তদন্তে জানা গিয়েছে, মৃতদেহটি বন্যার জলে ভেসে নারায়ণী নদীতে চলে গিয়েছিল। ভিডিওর সূত্র ধরে দুই যুবককে চিহ্নিত করে তাঁদের গ্রেপ্তার করা হয়।
Published By: Amit Kumar DasPosted: 07:14 PM Aug 28, 2026Updated: 07:15 PM Aug 28, 2026

প্রকৃতির রুদ্র তাণ্ডবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে নেপাল। মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গিয়েছে। সর্বত্র ছড়িয়ে রয়েছে লাশ। ভয়ংকর সেই পরিস্থিতির মাঝেই মানবিকতাকে বিসর্জন দিয়ে আখের গোছাতে নেমে পড়েছেন এক শ্রেণির মানুষ। তেমনই এক ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, জলে ভাসতে থাকা মৃতদেহের চুলের মুঠি ধরে রেখেছেন এক ব্যক্তি। তাঁর কান থেকে খুলে নেওয়া হচ্ছে দুল। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে।

Advertisement

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বন্যায় ভেসে নদীর পাড়ে ঠেকেছে এক মহিলার মৃতদেহ। দুই যুবক বাঁশ দিয়ে সেই মৃতদেহ পাড়ের কাছে আনেন। এরপর চুলের মুঠি ধরে সেই মৃতদেহ থেকে সোনার কানের দুল টেনে খুলে নেওয়া হয়। সেগুলি খুলে পাশের জনকে দেন ওই যুবক। আশপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন এই ঘটনা ক্যামেরাবন্দি করেন। ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। ভয়ংকর দুর্যোগের সুযোগ নিয়ে কিছু মানুষের এহেন অমানবিক আচরণে সরব হয় নেটিজেনরা।

জলে ভাসতে থাকা মৃতদেহের চুলের মুঠি ধরে রেখেছেন এক ব্যক্তি। তাঁর কান থেকে খুলে নেওয়া হচ্ছে দুল।

ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্তে নামে নেপাল পুলিশ। তদন্তে জানা গিয়েছে, মৃতদেহটি বন্যার জলে ভেসে নারায়ণী নদীতে চলে গিয়েছিল। ভিডিওর সূত্র ধরে দুই যুবককে চিহ্নিত করে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত দুই যুবক হলেন, মদন গুরুং এবং উমেশ চৌধুরী। সোশাল মিডিয়াতেও বিষয়টি জানানো হয়েছে নেপাল পুলিশের তরফে। ঘটনার আংশিক ভিডিও প্রকাশ করে পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার সকালে তিব্বতের হিমবাহ ফেটে ভয়ংকর বিপর্যয় ঘটে নেপালে। চোখের পলকে নিশ্চিহ্ন হয়েছে গ্রামের পর গ্রাম। প্রত্যক্ষদর্শীদের চোখে এখনও অবিশ্বাসের জলছাপ! কোনও রকম পূর্ব সতর্কবার্তা ছাড়াই বিপুল জলোচ্ছ্বাসের ধাক্কায় এভাবে জনজীবনকে গুঁড়িয়ে দেওয়ার ছবি দেখে শিহরিত বিশ্ব। স্থানীয় নাগরিকদের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা। বিপর্যস্ত এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ। শেষ পাওয়া খবরে এই বিপর্যয়ে মৃত্যু হয়েছে ৫৪৭ জনের। যার মধ্যে ৮৫ জন ভারতীয়। ৩২০ জন এখনও নিখোঁজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement