সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিকিটের লাইন দিতে গিয়ে ট্রেন মিস। এমন অভিজ্ঞতা কম-বেশি অনেকের আছে। কেউ কেউ সিজন টিকিট বা স্মার্ট কার্ড কেটে ঝক্কি এড়াতে চান। কিন্তু এই কার্ড কিনতেও লাইন দিতে গিয়ে সময় নষ্ট হয়। সুইডেনের এক সংস্থার দৌলতে টিকিট, ট্র্যাভেল বা স্মার্ট কার্ডের দিন এবার শেষ হতে চলল। তারা এনেছে এক বিশেষ ধরনের বায়োমেট্রিক চিপ। যা কবজিতে একবার সাঁটিয়ে নিলেই কাজ শেষ। সেন্সরের মাধ্যমে টিকিট পরীক্ষক সব বুঝে যাবেন। সুইডেনের ওই রেল সংস্থার চিপ ব্যবহারও শুরু করেছেন অনেকে।
[ছ’দিন আগে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার, তারপরও বিছানাতেই নাচ কিশোরের]
প্রযুক্তিকে কীভাবে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য গবেষণার শেষ নেই সুইডেনে। অ্যালফ্রেড নোবেলের দেশে গণ পরিবহন ব্যবস্থায় চমক এনেছে এসজে নামের এক সংস্থা। ওই রাষ্ট্রায়ত্ত সংস্থা সুইডেনের পাশাপাশি ট্রেন চালায় প্রতিবেশী ডেনমার্ক ও ফিনল্যান্ডে। স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলির মধ্যে যোগাযোগ রক্ষাকারী এসজে যাত্রীদের ঝঞ্ঝাট কমাতে এনেছে এক বিশেষ ধরনের চিপ। যে চিপ যাত্রীর হাতে থাকলে তাঁকে টিকিট কাটার জন্য অযথা সময় নষ্ট করতে হবে না। ওই সংস্থার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে লগ ইন করলে প্রাথমিক কাজ শেষ। রেফারেন্স কোড পৌঁছে যাবে গ্রাহকের কাছে। এসজের পাঠানো ওই চিপ দ্রুত চালুও হয়ে যাবে। এরপর ট্রেনে উঠে নির্দিষ্ট সিটে বসে পড়লেই একেবারে নিশ্চিন্ত। টিকিট পরীক্ষক স্ক্যানারের মাধ্যমে বুঝে যাবেন আপনার টিকিটের বৈশিষ্ট্য।
[সমুদ্রের ধারে এই নায়িকার হট ছবিতে তোলপাড় নেটদুনিয়া ]
সুইডিশ সংস্থার অত্যাধুনিক ব্যবস্থা যাত্রীদের মধ্যে ভাল সাড়া ফেলেছে। অন্তত ২০০০ টেক স্যাভি যাত্রী এধরনের চিপ ইনস্টল করিয়েছেন। এসজের মুখপাত্রের কথায়, এই প্রযুক্তি ভবিষ্যত। তবে যাত্রীদের একাংশ চিপ নিয়ে খানিকটা বিভ্রান্ত। তাদের চিন্তা গোপনীয়তা নিয়ে। তবে সুইডিশ সংস্থা জানিয়েছে এই চিপ এমনভাবে তৈরি যে হাতছাড়া হলেও, তৃতীয় কোনও ব্যক্তি নাগাল পাবেন না। এর ফলে সব পক্ষের সময় বাঁচবে। ডিজিটাল দুনিয়া নিয়ে যাদের আগ্রহ তাদের কাছে এটি অত্যন্ত চিত্তাকর্ষক। শুধু এসজে নয়, সুইডেনের এপিসেন্টার নামের একটি সংস্থা তাদের কর্মীদের জন্য এধরনের চিপের ব্যবস্থা করেছে। সুইডেনের বেশ কিছু জিমও তাদের সদস্যদের মেম্বারশিপ কার্ডে চিপ এনেছে। এসজের মুখপাত্রর কথায়, এখন দুনিয়া এতটাই এগোচ্ছে যে এক বছরের মধ্যে এই প্রযুক্তিকে হয়তো সেকেলে মনে হতে পারে। সুইডেনে যাদের কাছে বায়োমেট্রিক ব্যবস্থা আছে তাদের ক্ষেত্রে এই সুবিধা মিলবে।
