ভারত মহাসাগরে ইরানি রণতরীতে ভয়ংকর হামলা চালিয়েছে মার্কিন নৌসেনা। জাহাজে থাকা অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে। আরও ১৪৮জন এখনও নিখোঁজ। শ্রীলঙ্কার উপকূলের বেশ কাছে এই ঘটনা নিয়ে ভারতেরও বিশেষ চিন্তাভাবনা করা উচিত বলে মন্তব্য করেছেন দ্বীপরাষ্ট্রের সাংসদ নমল রাজাপক্ষে। তাঁর অপর পরিচয়, তিনি শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের পুত্র। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারত এবং শ্রীলঙ্কাতেও এসে পড়ল না তো? আশঙ্কা রাজাপক্ষের।
বুধবার শ্রীলঙ্কার উপকূল থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএনএস ডেনা’-এর উপর হামলা চালায় মার্কিন ডুবোজাহাজ। ডুবন্ত অবস্থাতেই জাহাজটির নাবিকেরা বার্তা পাঠান। সেই মতো শ্রীলঙ্কার নৌসেনা উদ্ধারে যায়। ততক্ষণে জাহাজে থাকা ৮৭ জন প্রাণ হারিয়েছেন। ডুবন্ত রণতরী থেকে ৩২ জনকে উদ্ধার করে শ্রীলঙ্কার নৌসেনা। কিন্তু জাহাজে থাকা ১৪৮ জনের খোঁজ মেলেনি। সময় যত গড়াচ্ছে, তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা তত ক্ষীণ হচ্ছে বলেই আশঙ্কা উদ্ধারকারীদের।
গত ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে এসেছিল ইরানি যুদ্ধজাহাজটি। সেখানে ভারতের নৌসেনার সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয়। ভারত থেকে ফেরার সময়েই যুদ্ধজাহাজের উপর মার্কিন হামলা, তাও আবার ভূখণ্ডের খুব কাছে-এত কিছুর পরেও কি চুপ করেই থাকবে নয়াদিল্লি?
ভারত মহাসাগরে আমেরিকার এই হামলার পর চিন্তার ভাঁজ পড়েছে অপেক্ষাকৃত 'শান্ত' থাকা ভারত এবং শ্রীলঙ্কার কপালে। সেই বিষয়টিই তুলে ধরেছেন নমল রাজাপক্ষে। তাঁর মতে, মার্কিন হামলার প্রভাব কেবল শ্রীলঙ্কা নয় আরও বড় অঞ্চলে বেশ প্রভাব ফেলবে। তার মধ্যে অন্যতম ভারতও। সাংসদের কথায়, "যুদ্ধ চলছে বহু দূরে। কিন্তু ভারত মহাসাগরে শ্রীলঙ্কার উপকূল থেকে মাত্র ৪০ নটিক্যাল মাইল দূরে আমরা সেই যুদ্ধের প্রভাব দেখতে পাচ্ছি। এটা শ্রীলঙ্কার পক্ষে খুবই চিন্তার। আমি মনে করি এই হামলায় ভারতও চিন্তিত হবে।"
নমলের প্রশ্ন, এত বড় আক্রমণ ঘটে গেল সেটা নিয়ে শ্রীলঙ্কা সরকার কি আগে থেকে কিছুই জানত না? কেন শ্রীলঙ্কা সরকারকে না জানিয়ে আমেরিকা এত বড় একটা অপারেশন চালাল? তাঁর কথায়, "ভারত এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলির এবার নড়েচড়ে বসা উচিত। এই ঘটনাকে গুরুত্ব দিয়ে স্থানীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।" রাজাপক্ষে বলছেন, নির্দিষ্ট কোনও দেশের সামরিক অভিযানের ফল যেন অন্যদের ভুগতে না হয়। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে এসেছিল ইরানি যুদ্ধজাহাজটি। সেখানে ভারতের নৌসেনার সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয়। ভারত থেকে ফেরার সময়েই যুদ্ধজাহাজের উপর মার্কিন হামলা, তাও আবার ভূখণ্ডের খুব কাছে-এত কিছুর পরেও কি চুপ করেই থাকবে নয়াদিল্লি?
