বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো শুল্ককে (Trump Tariffs) কিছুদিন আগেই 'অবৈধ' বলে ঘোষণা করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। অবিলম্বে সেই টাকা ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এবার মার্কিন বাণিজ্য আদালতের তরফে দেওয়া হল তাগাদা। তারা জানিয়েছে, শুল্ক মারফত ট্রাম্প প্রশাসনের ভাঁড়ারে যে টাকা এসেছিল, তা দ্রুত ফেরাতে হবে।
বিগত কয়েক মাসে কার্যত শুল্কের নামে নিজের মর্জিমাফিক 'তোলা' তুলছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাতেই এবার বাদ সেধেছে আদালত। মার্কিন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, জাতীয় জরুরি অবস্থার জন্য ব্যবহৃত আইনকে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে সরকারের তরফে। এমনকী, ট্রাম্পের 'শুল্ক-সিদ্ধান্ত' মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়াই নেওয়া হয়েছে বলে উল্লেখ করে আদালত। সেই নির্দেশের দাপট সামলে ওঠার মধ্যে আরও বড় নির্দেশ মার্কিন আদালতের।
বুধবার মার্কিন কাস্টমস বিভাগকে সমস্ত 'অবৈধভাবে আদায় করা শুল্ক' ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সেদেশের বাণিজ্য আদালত। সুপ্রিম-রায়কে উল্লেখ করেই ট্রাম্প সরকারের অবৈধ পথে আয় হওয়া ১৩ হাজার কোটি মার্কিন ডলার ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ম্যানহাটনের আন্তর্জাতিক বাণিজ্য আদালত। পাশাপাশি, দ্রুত আমেরিকায় প্রবেশের জন্য পণ্যবাহী জাহাজগুলিকে যে 'ফি' দিতে হয়, সেটি থেকেও শুল্ক হটানোর নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বিচারক রিচার্ড ইটন। এই 'অবৈধ শুল্কের' মাধ্যমে এখনও পর্যন্ত মোট ১৩ হাজার কোটি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২ লক্ষ কোটি টাকা আয় করেছে ট্রাম্প সরকার। একটি পণ্যবাহী সংস্থার করা মামলার ব্যাকফুটে পড়লেন ডোনাল্ড ট্রাম্প।
