ইরানের নয়া সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ার পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। তার মধ্যেই বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য সান’ দাবি করেছে, মার্কিন হামলায় গুরুতর আহত হয়েছেন মোজতাবা খামেনেই। তিনি নাকি কোমায় রয়েছেন। এরপরই জল্পনা তৈরি হয় আদৌ কি বেঁচে রয়েছেন মোজতাবা? এই পরিস্থিতিতে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন রেডিও চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানের নয়া সুপ্রিম লিডার এখনও বেঁচে রয়েছেন। তবে তিনি আহত।” প্রসঙ্গত, পিতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে মনোনীত হয়েছেন তাঁর পুত্র মোজতাবা। কিন্তু বিষয়টি একেবারেই পছন্দ হয়নি ট্রাম্পের। সম্প্রতি ‘ফক্স নিউজ’কে দেওয়া একটি সাক্ষাৎকারে তা স্পষ্ট করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের বলেন, “এই বিষয়টিতে আমি একেবারেই খুশি নই।” এর পরেই হুমকির সুরে তিনি বলেন, “আমার মনে হয় না ওঁ শান্তিতে বাঁচতে পারবে।”
এদিকে ‘দ্য সান’-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, মার্কিন হামলায় গুরুতর আহত হয়েছেন মোজতাবা। বর্তমানে তিনি কোমায় রয়েছেন। একটি পা-ও হারিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, তাঁর যকৃৎ এবং পাকস্থলীও নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে রাজধানী তেহরানের একটি হাসপাতালে মোজতাবা চিকিৎসাধীন। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতাকে। এখানেই শেষ নয়। ‘দ্য সান’ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন এবং ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছে মোজতাবার স্ত্রী এবং আট বছরের পুত্রেরও। তবে সেই হামলায় মোজতাবারও মৃত্যু হয়েছে কি না, তা স্পষ্ট করা হয়নি। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট।
