সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : কোন দেশের মানুষ সবথেকে অলস? এ প্রশ্ন প্রায়শই ঘোরাঘুরি করে। সম্প্রতি তার উত্তর মিলল। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা আর্গাস অ্যাপ নামের একটি মোবাইল অ্যাপের সাহায্যে এই সংক্রান্ত তথ্য বের করেছেন। প্রায় সাত লক্ষ সতেরো হাজার মানুষের ওপর সমীক্ষা চালানো হয়েছে। তাদের রোজকার জীবনের কাজকর্ম, খাওয়াদাওয়া, ঘুম এবং হৃদ্যন্ত্রের গতি পরিমাপ করে চালানো হয়েছে এই সমীক্ষা।
সেই সমীক্ষা বলছে, ইন্দোনেশিয়া সবথেকে অলস দেশ। সেখানকার মানুষের গড় পদক্ষেপের সংখ্যা ৩ হাজার ৫১৩। তারা সবথেকে অলস। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলও অলস দেশের তালিকায় পড়েছে। ব্রাজিলের মানুষ দিনে গড়ে ৪ হাজার ২৮৯ পা হাঁটেন বলে তথ্য জানাচ্ছে। তবে জাপান আছে উপরের দিকেই। দেশটির নাগরিকরা দিনে গড়ে ৬ হাজার ১০ পা হাঁটে বলে জানাচ্ছে সমীক্ষা।
এই বিশ্লেষণমূলক তালিকায় সবচেয়ে এগিয়ে আছে হংকং। দেশটির মানুষ প্রতিদিন গড়ে ৬ হাজার ৮৮০ বার পা ফেলেন। নেচার পত্রিকায় এই গবেষণার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সমীক্ষা জানাচ্ছে কোনও দেশের মানুষ শারীরিক ভাবে কতটা সক্ষম, তার ওপর নির্ভর করে মানুষের মোটা হওয়ার মাত্রা। আর সেই শারীরিক সক্ষমতা বিচার হয় কোনও দেশের নাগরিকের হাঁটার বা গড় পদক্ষেপ হিসাব করে। বিজ্ঞানী অধ্যাপক স্কট ডেলপ জানান, মানুষের শারীরিক সক্রিয়তা নিয়ে আগের যে কোনো গবেষণার চেয়ে এই সমীক্ষা আরও ব্যাপক আকারে করা হয়েছে। শারীরিক তৎপরতায় অবশ্য লিঙ্গ বা জেন্ডারের ব্যাপারটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এক্ষেত্রে দেখা গিয়েছে, আমেরিকা বা সৌদি আরবের মতো যেখানে বৈষম্য বেশি, সেখানে মেয়েরা কম সময় শারীরিকভাবে সক্রিয় থাকে। আবার জাপানের মতো দেশে স্থূলতার মাত্রা প্রায় সমান বলে নারী ও পুরুষ একই ধরনের শারীরিক সক্রিয়তা বজায় রাখতে পারে। গবেষণায় আমেরিকার ৬৯টি শহরে পায়ে হেঁটে কতটা চলা যায়, সেই পরীক্ষাও চালানো হয়েছে। দেখা গিয়েছে নিউ ইয়র্ক বা সান ফ্রান্সিসকোর মতো শহর বেশ পথচারী-বান্ধব, সেখানে পায়ে হেঁটে অনেক কিছুই করা যায়। কিন্তু হিউস্টন বা মেমফিসের মতো শহরে গাড়ি ছাড়া কার্যত এক পা চলারও উপায় নেই। তাই যে সব শহরে হাঁটা তুলনায় সহজ, সেখানেই মানুষ বেশি হাঁটে বলে গবেষণায় দেখা গেছে।
সবশেষে আসি ভারতের কথায়। আমাদের দেশ কিন্তু অলস দেশের তালিকাতেই ঠাঁই পেয়েছে। তবে হ্যাঁ, এখানেও সেই সামাজিক বৈষম্য ও হাঁটার সুযোগের বিষয়টা থেকেই যাচ্ছে। সমীক্ষা জানাচ্ছে, ভারতে গড় হাঁটার পরিমাণ চার হাজার পাঁচশো পা ।
The post জানেন, কোন দেশের মানুষ সবথেকে অলস? appeared first on Sangbad Pratidin.
