shono
Advertisement
Seikh Hasina

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে আরও ২ মামলা, জারি গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের টেকনাফে একটি মামলায় কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা-সহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২-এ।
Published By: Kishore GhoshPosted: 06:33 PM Jul 27, 2026Updated: 07:50 PM Jul 27, 2026

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও দু'টি মামলা শুরু হল। এই সঙ্গে পলাতক হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে একটি মামলায় কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা-সহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২-এ।

Advertisement

২০১৩ সালের ৫ মে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র্র মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামি লিগ সভাপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ-সহ ৪১ জনের বিরুদ্ধে মামলা দায়ের এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সোমবার (২৭ জুলাই) প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁদের মধ্যে আরও রয়েছেন প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ প্রমুখ। এই মামলায় বর্তমানে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, প্রাক্তন মন্ত্রী ডা. দীপু মনি, প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, প্রাক্তন আইজিপি একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্লা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু।

এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে দিনভর হেফাজতে ইসলামের সমাবেশ শেষে রাতে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থানরত সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। গত ৫ আগস্টের পর এ ঘটনার তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ গ্রহণ করার মধ্য দিয়ে বহুল আলোচিত এই মামলার বিচার প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু হল।

অন্যদিকে কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার থাকা তিন আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারক মহম্মদ মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মহম্মদ শাহরিয়ার কবীর। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নিয়ে গ্রেপ্তার থাকা আসামিদের হাজিরের নির্দেশ দেন। পাশাপাশি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে গুলির লড়াইয়ে নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলিগের সভাপতি ছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement