মাত্র পৌনে দু’মাসের ব্যবধানে বাংলাদেশে (Bangladesh) হামে তিন শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এর জন্য বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এবং তাঁর স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম দায়ী। এই অভিযোগ এনে, তাঁদের বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিশুদের প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ সমাবেশ করল বাম ছাত্রসংগঠন ‘বিপ্লবী ছাত্র মৈত্রী’। এদিকে ঢাকার কাছে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার উদ্ধারকাজে অবহেলার অভিযোগ তুলে ইউনুস-সহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হল।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে বাম ছাত্র সংগঠনটি একাধিক ইউনুসের বিরুদ্ধে একাধিক দাবি তোলে। হামকে ‘মহামারী’ হিসেবে ঘোষণা করে সর্বাত্মকভাবে প্রতিরোধ করার দাবি জানিয়েছে ছাত্র সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে অন্তবর্তী সরকারের প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তোলেন।
সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি দিলীপ রায় বলেন, ‘জনগণ গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামি লিগ সরকারের পতন ঘটিয়েছে আগামীর জন্য, আর সেই আগামী হল আমাদের শিশুরা। কিন্তু হামের এ সংকট প্রাকৃতিক নয়, এটি মানবসৃষ্ট।’ দিলীপ রায় আরও বলেন, সংসদে নানা বিষয় নিয়ে আলোচনা হয়, কিন্তু মার্কিন চুক্তি বা হামের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেউ কথা বলেন না। এসব ইস্যুতে জামাত বা বিএনপি কেউ-ই স্পষ্ট অবস্থান নিচ্ছে না। তারা যেন একযোগে নীরব। সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, ‘অন্তর্বর্তী সরকার নিজেদের মুনাফার জন্য এভাবে শিশুদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এ অপরাধে তাদের কঠোর শাস্তি হওয়া দরকার।’
এদিকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার উদ্ধারকাজে অবহেলার অভিযোগ তুলে মহম্মদ ইউনুস-সহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার দায়ের হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা মামলা করেন। বাকি যাদের আসামি করার আবেদন করা হয়েছে, তারা হলেন- ইউনুস সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা। এদিকে সাংবাদিক জুলকারনাইনের অভিযোগ ইউনুসের প্রেস উইং থেকে মানুষকে হুমকি দেওয়া হত।
