৫ বছরের এক শিশুকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার ধোবাউড়ায়। ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চার জনকে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, কদম ফুল দেওয়ার লোভ দেখিয়ে ওই শিশুকে জঙ্গলে নিয়ে যায় চার দুষ্কৃতীতে। অভিযোগ, সেখানেই তারা তাকে গণধর্ষণ করে। পরে নৃশংস এই ঘটনাটি ধামাচাপা দিতে শিশুটিকে নদীর জলে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তারা। শুধু তাই নয়, দেহটি নদীর ধারেই কাদার মধ্যে পুঁতে দেয়। ঘটনার তদন্তে চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, স্বামীর হাত-পা বেঁধে আবার বধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে কি না, তা জানা যায়নি।
বিশেষজ্ঞদের একাংশের মতে, বাংলাদেশে সামাজিক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে ধর্ষণের মতো অপরাধ।ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান ও প্রয়োগ সত্ত্বেও এই ব্যাধি নির্মূল তো দূর, দিনে দিনে তা আরও বাড়ছে। সম্প্রতি বাংলাদেশের সংসদেও বিষয়টি নিয়ে বাদানুবাদ হয়েছে। মেহেরপুর ১ আসনের জামাত সাংসদ তাজউদ্দিন খান সংসদে দাঁড়িয়ে অভিযোগ করেছেন, সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ঘটছে। তাঁর এ মন্তব্যের জেরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। আপত্তির মুখে ডেপুটি স্পিকার কায়সার কামাল ওই বক্তব্যকে 'আপত্তিকর' আখ্যা দেন। তবে তারপরও বিতর্ক থামেনি।
