মেয়ের সঙ্গে মাদ্রাসায় ঢুকে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বচসায় জড়ালেন জামাত এমপি গোলাম রসুল। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এরপর ক্ষুব্ধ এলাকাবাসী তাঁদের বাড়িতে গিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ঠিক কী কারণে গোলমাল? ওই মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল গোলাম রসুল ও মাদ্রাসা কর্তৃপক্ষের। এদিনও তা নিয়েই সংঘাত শুরু হয়। গোলামের দাবি, যে রাস্তায় দিয়ে মাদ্রাসার লোকজন চলাফেরা করে সেটা তাঁর জমি। তিনি এটি কিনেছেন। এমপির মেয়ে অনন্যা গতকাল, সোমবার মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে ভয়ও দেখান বলে অভিযোগ। মঙ্গলবার অশান্তি চরমে ওঠে। রেক্সোনা নামের স্থানীয় এক নারীর মাথাও অনন্যা ফাটিয়ে দেন বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, নাসিরউদ্দিন নামে এক অভিভাবকের উপরেও চড়াও হন গোলাম। এলাকার বাসিন্দারা এরপর চড়াও হন গোলামের বাড়ির। পরিস্থিতি বেগতিক দেখে গোলাম ও তাঁর মেয়ে বাসভবনের মূল ফটক বন্ধ করে নিজেরা ভিতরে ঢুকে যান।
গোলাম রসুল যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের এমপি ও জেলা জামাতের আমির। তাঁর বাসভবন যশোর শহরের নীলগঞ্জ এলাকায়। এদিন অশান্তির ঢেউ চরমে উঠলে খবর যায় পুলিশে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বাড়ি থেকে এখনও বেরননি গোলাম। তিনি পরে ফেসবুক লাইভে এসে অবশ্য জানিয়েছেন, ''উদ্ভূত পরিস্থিতির জন্য আমি মর্মাহত। এই ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই।'' এদিকে স্থানীয় জনতার দাবি, মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার পরই এলাকায় ক্ষোভের সঞ্চার হয়। তাঁরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ করার দাবি জানান।
