তৃণমূল আমল থেকেই বন্ধ উত্তরের একাধিক চা বাগান। বহু বাগান ধুঁকছে। কাজ হারিয়ে, বেতন না পেয়ে কোনওরকমে সংসার চালাচ্ছেন চা শ্রমিকরা। কিন্তু এবার বদল হবে পরিস্থিতি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বন্ধ চা বাগান এবার খুলবে। পুজোর আগেই কিছু বন্ধ চা বাগানের শ্রমিকদের মুখে হাসি ফুটতে পারে। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আগেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন উত্তরবঙ্গ সফরে গিয়ে আরও একবার সেই বার্তা দিলেন তিনি।
সোমবার উত্তরবঙ্গ সফরে এসে জলপাইগুড়িতে এমনই আভাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "শ্রমমন্ত্রী অর্জুন সিং এবং চা পর্ষদের চেয়ারম্যান ব্যবস্থা নেওয়ায় আগামী দু'তিন মাসের মধ্যে ১০-১২টি চা বাগান খুলে দেওয়া যেতে পারে।" উত্তরের পাহাড়-সমতলে এখন অন্তত ২৫টি চা বাগান বন্ধ আছে। প্রায় ২০ হাজার শ্রমিক অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। ওই শ্রমিকদের অনেকেই রুজির টানে সিকিম-সহ বিভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছে। ওই শ্রমিকদের ঘরে ফেরাতে রাজ্য সরকার বিশেষভাবে তৎপর বলে এদিন মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন, "ঘরের ছেলে ঘরে ফিরে আসুন। কর্ম সংস্থানের ব্যবস্থা করবে সরকার। আগামী দু'মাসের মধ্যে একাধিক বন্ধ চা বাগান খোলা হবে।" মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনায় যুক্ত হয়ে ৩৩০ কোটি টাকা মিলেছে। ওই অর্থ বরাদ্দের মাধ্যমে শ্রমিকরা আর্থিক সাহায্য পাবেন।
উত্তরবঙ্গের উন্নয়নে উত্তরকন্যায় আগামী দিনে আরও একাধিক দপ্তরের কাজ হবে। মানুষের সুবিধার জন্য এই কাজ। শিলিগুড়ি থেকে বড় বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে উত্তরবঙ্গে উন্নয়ন হয়নি বলে অভিযোগ। বিগত সরকারকে দুষে এদিন মুখ্যমন্ত্রী আরও একবার উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আজ, সোমবার সকালে উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় শিলিগুড়ি-বর্ধমান রোডের উড়ালপুলের উদ্বোধন করেন তিনি।
