shono
Advertisement
Durgapur

হুড়মুড়িয়ে ভাঙল পাঁচিল, দুর্গাপুরে কর্মরত অবস্থায় ২ শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা

বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
Published By: Sayani SenPosted: 04:55 PM May 17, 2024Updated: 06:14 PM May 17, 2024

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বেসরকারি লৌহ ইস্পাত কারখানায় বিপত্তি। দুর্গাপুরের কাঁকসার গোপালপুরের শিল্পতালুকে পাঁচিল ধসে প্রাণ গেল দুই শ্রমিকের। আশঙ্কাজনক আরও দুই। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে চরম উত্তেজনা ছড়াল ওই বেসরকারি লৌহ ইস্পাত কারখানায়। ঘটনাস্থলে আইএনটিটিইউসির স্থানীয় নেতাকে ঘিরেও বিক্ষোভ দেখান শ্রমিকরা। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ইস্পাত কারখানার পাঁচিলের পাশে একটি নিকাশি নালা নির্মাণের কাজ চলছিল। কারখানার পাঁচিল সম্পূর্ণ হেলে গিয়েছিল। এবং তা যেকোনও সময়ে ভেঙে পড়তে পারে এই আশঙ্কার কথাও কারখানা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন শ্রমিকরা। এই অবস্থায় একপ্রকার জোর করেই বিপজ্জনক ওই প্রাচীরের পাশে কর্তৃপক্ষ কাজ করতে পাঠায় বলে অভিযোগ। আচমকাই বিপজ্জনক পাঁচিলটি ভেঙে পড়ে। কর্মরত অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়।

[আরও পড়ুন: ‘চাপ’ দিয়ে বিশ্বকাপের দলে হার্দিক! জল্পনার মাঝেই ইঙ্গিতবাহী মন্তব্য জয় শাহর]

ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দন বাউরি(২৮)ও রাম টুডু (৩২) নামের দুই শ্রমিকের। বুলু মাল ও সুরেশ রাম নামে দুজন গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মৃত ও জখমরা উভয়েই গোপালপুরের বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা খবর পাওয়ামাত্রই কারখানায় জড়ো হন। মৃতদেহ দুটি কারখানার ভিতরে নিয়ে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। স্থানীয় আইএনটিটিইউসির নেতা ঘটনাস্থলে পৌঁছন। তাঁকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। কাঁকসা থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

[আরও পড়ুন: ঋতুস্রাবের সময় পেটে লাথি! কেজরির সহায়কের বিরুদ্ধে বিস্ফোরক FIR স্বাতীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হুড়মুড়িয়ে ভাঙল কারখানার পাঁচিল।
  • দুর্গাপুরে কর্মরত অবস্থায় ২ শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা।
  • বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
Advertisement