বিশ্বকাপে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথের সম্ভাবনা নিয়ে উন্মাদনা তুঙ্গে। সব 'ঠিকঠাক' চললে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা পর্তুগালের। তার নেপথ্যে কিছু শর্তও আছে। সেই শর্ত কি পূরণ হবে? বুধবার সকালে ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। ম্যাচের ৭৬ মিনিটে একমাত্র গোলটি করেন ড্যানিয়েল মুনোজ। তাতেই মেসি-রোনাল্ডো সম্ভাব্য দ্বৈরথ নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে।
'কে' গ্রুপে কঙ্গোর বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্র করে পর্তুগাল। অন্যদিকে উজবেকিস্তানের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছিল কলম্বিয়া। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে উজবেকদের ৫ গোলে হারিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। আর বুধ-সকালে কঙ্গোকে বেশ কষ্ট করেই হারিয়েছে কলম্বিয়া। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নিয়ে রাউন্ড অফ ৩২-এ চলে গিয়েছে কলম্বিয়া। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পর্তুগাল। পরের ম্যাচে এই দুই দল মুখোমুখি। যদি ম্যাচ ড্র হয়, তাহলে শীর্ষে থাকবে কলম্বিয়াই। আর পর্তুগাল জিতলে তারা শীর্ষে উঠবে।
অন্যদিকে 'জে' গ্রুপে শীর্ষে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। এরপর অস্ট্রিয়া, আলজেরিয়া আছে। লিওনেল মেসিদের শেষ ম্যাচ জর্ডনের বিরুদ্ধে। যারা এখনও কোনও পয়েন্ট পায়নি। সেই ম্যাচ হারলেও শীর্ষেই থাকবে আর্জেন্টিনা। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রিয়া বা আলজেরিয়ার কেউ জিতলে ৬ পয়েন্ট হবে ঠিকই, কিন্তু 'হেড টু হেড'-এ মেসিদের কাছে হারায় তারা দ্বিতীয় স্থানে শেষ করবে। কে কোন গ্রুপে শীর্ষে থাকবে, তার উপর নির্ভর করবে মেসি-রোনাল্ডো সাক্ষাৎ হবে কি না।
ফিফার 'ব্র্যাকেট' অনুযায়ী, আর্জেন্টিনা গ্রুপ শীর্ষে থাকলে ৪ জুলাই রাউন্ড অফ ৩২-এ তাদের প্রতিপক্ষ হতে পারে 'এইচ' গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দল। যে গ্রুপে আছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব। শেষ ষোলোয় দেখা হবে 'ডি' ও 'জি' গ্রুপের দ্বিতীয় স্থানের দলের সঙ্গে। তারপর কোয়ার্টার ফাইনাল। অন্যদিকে পর্তুগাল যদি গ্রুপ শীর্ষে থাকে, তাহলে রাউন্ড অফ ৩২-এ প্রতিপক্ষ 'ডি', 'ই', 'আই', 'জে', 'এল' গ্রুপের তৃতীয় স্থানের দলের সঙ্গে। সেটা জিতলে শেষ ষোলোয় সামনে থাকবে 'বি' গ্রুপের প্রথম দল বা 'জে' গ্রুপের তৃতীয় স্থানের।
আর্জেন্টিনা গ্রুপ শীর্ষেই থাকছে। পর্তুগালও যদি গ্রুপ পর্বে থাকে এবং দু'দলই যদি পরের ম্যাচগুলো জিতে কোয়ার্টার পৌঁছয়, তাহলে দেখা হবে। কিন্তু যদি পর্তুগাল শেষ ম্যাচ কলম্বিয়ার সঙ্গে ড্র করে দ্বিতীয় স্থানে শেষ করে? তাহলে তারা চলে যাবে 'ব্র্যাকেটে'র সম্পূর্ণ অন্য প্রান্তে। সেখানেও কঠিন প্রতিপক্ষ থাকবে। কিন্তু আর্জেন্টিনার সঙ্গে কোয়ার্টার ফাইনালে দেখা হবে না। একমাত্র সুযোগ ফাইনালে দেখা হওয়ার। সেটাই কি ভবিতব্য?
