সরকারের পালাবদল হতেই একে একে সামনে আসছে দুর্নীতির বহর। শহর থেকে জেলায় তৃণমূলের ছোট-বড় নেতাদের কর্মকাণ্ড দেখে চোখ কপালে উঠছে মানুষের। এবার গ্রিন সিটি প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও কাটমানি নেওয়ার অভিযোগে আরামবাগ পুরসভার এক ইঞ্জিনিয়ার সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হলেন ইঞ্জিনিয়ার মানস কুন্ডু, পুরসভার ইলেক্ট্রিকাল সুপারভাইজার কৌস্তভ মুখোপাধ্যায় ও এক ঠিকাদার স্বরভানু ঘোষ। এই তিনজনই পুরসভার প্রাক্তন তৃনমূল চেয়ারম্যান স্বপন নন্দীর ঘনিষ্ঠ বলে পরিচিত। ঘটনায় আরামবাগ শহরজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
অভিযোগ, গ্রিন সিটি প্রকল্পে আরামবাগ পুরসভার পূর্ববর্তী বোর্ডের আমলে কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে৷ আরামবাগ পুরসভার তৃণমূলেরই বর্তমান চেয়ারম্যান সমীর ভাণ্ডারি গ্রিন সিটি প্রকল্পে দুর্নীতির তদন্ত চেয়ে আরামবাগ থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে আরামবাগ থানার পুলিশ বুধবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে। যদিও এবিষয়ে আরামবাগ পুরসভার বর্তমান চেয়ারম্যান সমীর ভান্ডারি কোনও মন্তব্য করতে চাননি। অন্যদিকে প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দীর সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি।
গত বোর্ড থাকাকালীন গ্রিন সিটি প্রকল্পে তিনবার অডিট হয়েছে বলে জানা গিয়েছে। গ্রিন সিটি প্রকল্পে মোট বরাদ্দ হয় ৭ কোটি ২৪ লক্ষ টাকা। তার মধ্যে প্রায় ৪০ লক্ষ টাকা করে ১২টি স্কুলে সৌর প্যানেল বসানোর নামে বিল হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি বলে অভিযোগ। অডিটেও তা ধরা পড়েছে। এ ব্যাপারে আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ জানিয়েছেন, "বিজেপি সরকার স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত প্রশাসন চালাবে৷ তৃণমূলের আমলে আরামবাগ পুরসভায় গ্রিন সিটি প্রকল্পে কোটি কোটি টাকা নয়ছয় হয়। যাঁরা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের কাউকে রেয়াত করা হবে না। পুলিশ যাদের ধরেছে তারা তো চুনোপুঁটি। রাঘব বোয়ালদের গ্রেপ্তার করতে হবে। আমরা চাই তৎকালীন পুরসভার চেয়ারম্যানকে গ্রেপ্তার করুক পুলিশ।"
