মিনাখাঁয় ভয়াবহ পথ দুর্ঘটনা। বাসন্তী হাইওয়েতে যাত্রী বোঝায় অটো ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু ৩ জনের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আরও একজনের। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার ঘটনাটি ঘটেছে বাসন্তীতে। এখনও পর্যন্ত মৃতদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে ছুটছিল দু'টি গাড়ি।। মিনাখাঁ গ্রামপঞ্চায়েত অফিসের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়ি দু'টি। মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনার অভিঘাতে মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় যাত্রীবোঝাই অটোটি। লাল রঙের চারচাকা গাড়িটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রাস্তায় ছিটকে পড়েন যাত্রীরা। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মিনাখাঁ থানার পুলিশ। স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে প্রথমে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে।
পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ি দু'টি অতিরিক্ত গতি ছোটার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।তাতেই মুখোমুখি সংঘর্ষ বাধে। পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
