shono
Advertisement
RPF

ভোটের আগে কড়া নজরদারি আরপিএফের, উদ্ধার প্রচুর রুপোর গয়না, গাঁজা

নিউ জলপাইগুড়ি স্টেশনে একটি ট্রেনে তল্লাশি চালিয়ে ৬১.৫ কেজি গাঁজা উদ্ধার করে আরপিএফ।
Published By: Jaba SenPosted: 06:25 PM Apr 08, 2026Updated: 06:25 PM Apr 08, 2026

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে চলছে আদর্শ আচরণবিধি। এই আবহে ট্রেন ও রেলস্টেশন চত্বরে জারি একের পর এক অভিযান চালাচ্ছে আরপিএফ। ভোটমুখী রাজ্যে বেআইনি কার্যকলাপ রুখতে এই অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে সম্প্রতি বরাচক রেলস্টেশন চত্বরে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১৪ কেজি ৯০ গ্রাম ওজনের রুপোর গয়না উদ্ধার করা হয়। পাশাপাশি নিউ জলপাইগুড়ি স্টেশনে একটি ট্রেনে তল্লাশি চালিয়ে ৬১.৫ কেজি গাঁজা উদ্ধার করে আরপিএফ।

Advertisement

জানা গিয়েছে, বরাকর স্টেশনে এক ব্যক্তি ১৪ কেজির বেশি রুপোর গয়না নিয়ে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন। সেই সময় আরপিএফ ও আয়কর দপ্তর যৌথ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এরপর তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ গয়না উদ্ধার করা হয়। গয়নাগুলির কোনও নথি দেখাতে পারেননি ওই ব্যক্তি। জানা গিয়েছে, গয়নার বাজারমূল্য আনুমানিক ১৮ লক্ষ টাকা। বাজেয়াপ্ত হওয়া রুপোর গয়না ও ধৃত ব্যক্তিকে আসানসোলের আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। তারাই ধৃতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে। রুপোর গয়নাগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে, নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে ২০৫০১ নম্বর ডাউন আগরতলা–আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ৬১.৫ কেজি গাঁজা উদ্ধার করে আরপিএফ। এই গাঁজা পরিত্যক্ত অবস্থায় ট্রেনের মধ্যে পড়েছিল বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ ৭৫ হাজার টাকা বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য রেল পুলিশকে হস্তান্তর করা হয়েছে। আরপিএফ জানিয়েছে, ভোটের আগে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement