সঞ্জিত ঘোষ, কৃষ্ণনগর: রানাঘাট মিশন রোডে অভিজাত স্বর্ণ বিপনিতে ডাকাতির ঘটনায় যাবজ্জীবন সাজার নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার চার দোষীকে এই নির্দেশ দেন রানাঘাট বিচার বিভাগীয় আদালতের বিচারক। বুধবারই ওই চারজনকে দোষী সাব্যস্ত করে আদালত।
গত বছরের ২৯ আগস্ট রানাঘাটে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে গয়নার শোরুমে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক পুলিশকর্মী গুলি চালিয়ে দুষ্কৃতীদের ধাওয়া করেন। প্রশংসিতও হন তিনি। ওইদিনই চারজনকে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন গ্রেপ্তার হয় আর একজন। প্রথম থেকেই স্পষ্ট ছিল, ভিনরাজ্যের গ্যাংটি রানাঘাট এবং পুরুলিয়ার আরেকটি শোরুমেও ডাকাতিতে যুক্ত। পরে দেখা যায়, রানাঘাটে ধৃতরা বিহারের বৈশালী ও ছাপরার বাসিন্দা। রানাঘাট মহকুমা আদালতে ফাস্ট ট্রাক কোর্টে এই মামলার বিচার হয়। ঘটনার ৭২ দিনের মাথায় এই মামলায় ৩৫০ পাতার চার্জশিট দেন তদন্তকারীরা। ৮ দিনে ৩৫ জনের সাক্ষ্য নেওয়া হয়।
[আরও পড়ুন: বাংলার বুকে বানচাল নাশকতার ছক! সাধারণতন্ত্র দিবসের আগে বীরভূমে উদ্ধার প্রচুর বিস্ফোরক]
এই মামলায় মূল অভিযুক্ত চারজনকে বুধবার রানাঘাট মহকুমা আদালতে হাজির করানো হয়। কুন্দনকুমার যাদব, রাজুকুমার পাসোয়ান, ছোট্টু পাসোয়ান ও রিক্কি পাসোয়ান নামে চারজনকে দোষী সাব্যস্ত করা হয়। মামলায় অপর অভিযুক্ত মণিকান্ত যাদব ইতিমধ্যেই কলকাতার হাসপাতালে মৃত্যু হয়েছে। এরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। বৃহস্পতিবার দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় বিচারক।
