আবাস যোজনার সুবিধাভোগীদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগে শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ ৪ তৃণমূল নেতাকে গ্রেপ্তার (TMC Leader Arrested) করল পুলিশ। বড়ঞা ব্লকের সাবলপুর গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয়দের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে শনিবার কান্দি মহকুমা আদালতে তোলা হয়েছে।
ধৃতরা হলেন শ্রীহট্ট গ্রামের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সকেরা বিবির স্বামী সুফল রহমান, গ্রামের দুই প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রশান্ত কুমার পাল, উৎপল বাগদী ও তৃণমূলের এক সমর্থক মানিক বায়েন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে তিন লক্ষ টাকা কাটমানি তুলেছেন তাঁরা। সেই টাকা ফেরতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রাজ্যজুড়ে আবাস যোজনার সুবিধাভোগী কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগে ইতিমধ্যেই বাংলায় গ্রেপ্তার হয়েছেন বহু তৃণমূল নেতা। এবার বড়ঞা পঞ্চায়েতে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। সম্প্রতি বড়ঞা ব্লকের সাবলপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীহট্ট গ্রামের বাসিন্দা অঙ্গরী দত্ত এই নিয়ে বড়ঞা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। কাটমানি, তোলাবাজির অভিযোগে রাজ্যজুড়ে একের পর এক গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল নেতারা। এবার বড়ঞার ৪ তৃণমূল নেতা ও কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ।
