shono
Advertisement
Howrah

হাওড়ায় শুটআউট! ভরা রাস্তায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে প্রোমোটারকে 'খুন'

মৃত যুবকের নাম শফিক খান। বয়স আনুমানিক ৩২। রমজান মাস চলায় সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন যুবক। ঘটনাটি ঘটে হাওড়ার গোলবাড়ির পিলখানা এলাকায়। সেখানে হারুন ও রোহিত নামে ওই দুই দুষ্কৃতী তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে বলে অভিযোগ।
Published By: Subhankar PatraPosted: 09:03 AM Feb 25, 2026Updated: 09:33 AM Feb 25, 2026

কাকভোরে শুটআউট হাওড়ায়। ভরা রাস্তায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রোমোটারকে গুলি করে খুন! অভিযোগ দুই দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু যুবকের। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ভয়াবহ দৃশ্য। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রোমোটারির টাকা নিয়ে বচসার জেরে এই খুন! দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

মৃত যুবকের নাম শফিক খান। বয়স আনুমানিক ২৭। রমজান মাস চলায় সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন যুবক। ঘটনাটি ঘটে হাওড়ার গোলবাড়ির পিলখানা এলাকায়। সেখানে হারুন ও রোহিত নামে ওই দুই দুষ্কৃতী তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে বলে অভিযোগ। এলাকার একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই হাড়হিম করা দৃশ্য।

সেই ফুটেজে দেখা গিয়েছে, রাস্তায় দুই যুবক কথা বলছিল শফিকের সঙ্গে। পাশে ছিলেন আরও কয়েকজন। কথা বলতে বলতেই আচমকাই দুই অভিযুক্তই আগ্নেয়াস্ত্র বার করে শফিকের মাথা ও বুকে মোট ৪ রাউন্ড গুলি চালায়। মাটিতে লুটিয়ে পড়েন যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় শফিকের। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যায় গোলাবাড়ি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু কেন এই খুন?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শফিক এলাকায় প্রোমোটারি করতেন। প্রাথমিক অনুমান, প্রোমোটারি সংক্রান্ত কোনও বিবাদ ও টাকা পয়সা নিয়ে ঝামেলার জন্য খুন করা হয়েছে শফিককে। শফিকের ভাই জাহিদ খান বলেন, "হারুন খান ও রোহিত নামে এলাকার দুই জেল ফেরত দুষ্কৃতী দাদাকে গুলি করে খুন করেছে। এই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক পুলিশ।"

ঘটনাস্থলে ছুটে যান ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ রুস্তম খান। তিনি বলেন, "ভরা রাস্তায় দুষ্কৃতীরা এক যুবককে গুলি করে দিয়ে চলে গেল। পুলিশ বিষয়টি ভালো করে তদন্ত করুক। কাউন্সিলর আরও জানান, শফিক এলাকায় ভালো ছেলে হিসাবেই পরিচিত ছিল। কেন তাকে এভাবে খুন হতে হল পুলিশ তা তদন্ত করে দেখুক। এই ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠছে। আতঙ্কে এলাকাবাসী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement