shono
Advertisement

প্রেমিকার সঙ্গে দেখা করার মরিয়া আর্তি, থানার সামনেই আত্মহত্যার হুমকি যুবকের

রোমিওকে দেখে স্তম্ভিত পথচলতি সাধারণ মানুষ।
Posted: 04:10 PM Oct 14, 2022Updated: 04:10 PM Oct 14, 2022

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: রুপোলি পর্দাকেও বুঝি হার মানায় এ দৃশ্য। হাতে ধারালো ছুরি নিয়ে পূজালি থানার সামনে সকাল সাড়ে ১১টা থেকে ঠায় দু’ঘন্টা দাঁড়িয়ে এক যুবক। মাঝে মাঝে নিজের গলায় ঠেকিয়ে ধরছে সেই ছুরি। দাবি, তাকে প্রেমিকার সঙ্গে দেখা করতে দিতে হবে। কথা বলতে দিতে হবে একবার হলেও। এহেন রোমিওকে দেখে স্তম্ভিত পথচলতি সাধারণ মানুষ। কিংকর্তব্যবিমূঢ় থানার পুলিশ কর্তারাও।

Advertisement

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার মায়াপুর গ্রাম পঞ্চায়েতের বিড়লাপুরের বাসিন্দা বছর বাইশের শেখ সোহেল পুজালির এক নাবালিকার প্রেমে পড়েছিল। দীর্ঘ এক বছরের সম্পর্ক দু’জনের। প্রায় মাসখানেক আগে ওই যুবক নাবালিকাকে নিয়ে চম্পট দেয়। দিন তিনেক একটি হোটেলে কাটিয়ে বাড়ি ফেরে প্রেমিক-প্রেমিকা। ছেলের বাড়ি থেকে এই সম্পর্ক মেনে নিয়েছে। নাবালিকার পরিবার পূজালি থানায় যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে শেখ সোহেল ও তার বাবা শেখ নাজেশকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের নির্দেশে পিতাপুত্রের জেল হেফাজত হয়। বারুইপুর সংশোধনাগারে পাঠানো হয় তাদের। বর্তমানে জামিনে মুক্ত দু’জনই।

[আরও পড়ুন: ট্রেনে টিকিট পরীক্ষকের হেনস্তা, হাসিন জাহানের অভিযোগ পেয়ে নিরাপদে ফেরাল পুলিশ]

সেই মামলার তদন্তকারী অফিসার তদন্তের স্বার্থে শুক্রবার নাবালিকা ও নাবালিকার বাবাকে থানায় ডেকে পাঠান। এদিকে প্রেমিকা থানায় রয়েছে এই খবর সোহেলের কাছেও পৌঁছয়। তড়িঘড়ি সে-ও চলে আসে থানার সামনে। বাবা ও মেয়ে থানায় ঢোকার কিছুক্ষণ পর আচমকাই থানার উলটোদিকে ছুরি হাতে দাঁড়িয়ে পড়ে যুবক। দাবি ভালবাসার মানুষটার সঙ্গে দেখা করতে চায়। একবার অন্তত তাকে কথা বলার সুযোগ দিতে হবে তার প্রেমিকার সঙ্গে। পুলিশ প্রশাসন এই ঘটনায় কিছুটা হতচকিত হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন নাবালিকার বাবাও। শেষ পর্যন্ত পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে বাবা ও মেয়েকে বাড়ি পাঠিয়ে দেয় পুলিশ।

এদিকে, প্রেমিকা বাড়ি ফিরে গেলেও কোনওভাবেই বাগে আনা সম্ভব হচ্ছিল না নাছোড় প্রেমিককে। প্রায় ঘণ্টাদুয়েক পর সোহেল নিজের মোটরবাইকে চেপে চলে যাওয়ার উদ্যোগ নেয়। উপস্থিত পুলিশকর্মীরা তাকে পাকড়াও করেন। প্রেমিকার সঙ্গে ছাড়াছাড়ির প্রতিশোধ নিতে কোনও অসৎ উদ্দেশ্যে সে এই নাটক করেছিল নাকি সত্যিই ভালবাসার টানে মনের মানুষের সঙ্গে কথা বলতেই এসেছিল, তা জানতে আটক যুবককে চলছে জিজ্ঞাসাবাদ।

[আরও পড়ুন: পণের দাবিতে মালদহে বধূকে থেঁতলে খুন! ঘর থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement