অভিষেক চৌধুরী, কালনা: ফের পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক স্কুলছাত্রীর। অতিরিক্ত বালিবোঝাই লরির ধাক্কায় প্রাণহানি হয় তার। ঘটনার পরই পলাতক লরিচালক এবং খালাসি। উত্তেজিত জনতা ওই ফাঁকা লরিতেই ভাঙচুর চালায়। বেশ কিছুক্ষণ কালনার বাঘনাপাড়া স্টেশনের কাছে পথ অবরোধও করেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
নিহত ঐশিকী ধারা, মহিষমর্দিনী গার্লসের পড়ুয়া। বছর এগারোর ওই নাবালিকা মুক্তারপুরের বাসিন্দা। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার স্কুলছাত্রী বাবার স্কুটিতে চড়ে স্কুলে যাচ্ছিল। স্কুলে যাওয়ার সময় বাঘনাপাড়ার কাছে পথ দুর্ঘটনার শিকার হয় সে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুত গতিতে আসা বালিবোঝাই লরি ধাক্কা মারে ওই স্কুলছাত্রীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরিস্থিতি বেগতিক বুঝে লরি ফেলে পালিয়ে যায় চালক এবং খালাসি।
[আরও পড়ুন: প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের শিশুকন্যার নামকরণ! জানেন কী নাম রাখা হল?]
স্থানীয়দের অভিযোগ, বাঘনাপাড়া স্টেশন সংলগ্ন রাস্তার বেহাল দশা। তাই পথ দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। ছাত্রীর মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে উত্তেজিত জনতা লরিটিতে ব্যাপক ভাঙচুর চালায়। প্রায় ঘণ্টাদুয়েক রাস্তা অবরোধও করেন তাঁরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়। অবরোধ উঠে যায়। পরিস্থিতি স্বাভাবিক হয়।
উল্লেখ্য, দিনকয়েক আগে ট্রাক্টরের ধাক্কায় শিশুমৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় পূ্র্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়া বৈথন বাসস্ট্যান্ড এলাকায়। ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশের আশ্বাসে আয়ত্তে আসে পরিস্থিতি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দুর্ঘটনায় ছাত্রীমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত কালনা।
