স্কুলে যাওয়ার পথে রাস্তার এক কোণ থেকে আচমকা দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মৃত্যু স্কুলের প্রধানশিক্ষকের। শনিবার সাতসকালে উত্তর দিনাজপুরের ইসলামপুরের (Islampur Shootout) শ্রীকৃষ্ণপুর সংলগ্ন মাদারিপুর এলাকায় ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পেটের ডানদিকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম শিক্ষককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায় স্থানীয় বাসিন্দারা। কিন্তু সেখান থেকে ওই শিক্ষককে তড়িঘড়ি শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমের উদ্দেশ্যে স্থানান্তরিত করা হয়। তবে শেষরক্ষা হয়নি।
গুলিবিদ্ধ শিক্ষকের নাম নজরুল ইসলাম। রামগঞ্জের রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে কর্মরত। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রোজকার মতো এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে স্কুলের পথে যাচ্ছিলেন তিনি। স্থানীয় মাদারিপুর এলাকার পেট্রল পাম্প চত্বরে পৌঁছতেই হঠাৎ তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে মুহুর্তের মধ্যে পালিয়ে যায় বাইক আরোহী এক দুষ্কৃতী। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি৷ গুলির আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে ওই শিক্ষককে উদ্ধার করে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় কর্মরত চিকিৎসকদের পরামর্শে অ্যাম্বুল্যান্সে করে শিলিগুড়ির নার্সিংহোমের উদ্দেশ্যে রওনা দেন। বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ৷ তবে ওই শিক্ষকের ভাইপো মহম্মদ বেলালের দাবি, কোন রাজনীতি করে না। কোন শত্রু নেই। তারপরও স্কুলের একজন প্রধানশিক্ষককে এভাবে গুলি করার কারণ বুঝতেই পারছি না।" ইসলামপুর থানার আইসি শুভম কর্মকার বলেন,"ঘটনা খতিয়ে দেখতে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।" এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
