সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: অন্ডালের অবসরপ্রাপ্ত ইসিএল কর্মী হরি আপটার জীবনে আঁধার ঘোচাতে তৎপর হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ অন্ডালের খাঁদরা এলাকার নাগকাজোরা কোলিয়ারির খনি কর্মী হরি আপটা বছর কুড়ি আগে কর্মজীবন থেকে অবসর নেন৷ সেই সময় থেকে নিয়মিত পেনশন পেলেও গত দুই মাস ধরে বন্ধ রয়েছে পেনশন৷
কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে হাতের আঙুলগুলিই বিলুপ্ত হয়ে যায় তাঁর৷ তাই আধার কার্ডও জোটেনি হরি আপটার৷ বায়োমেট্রিক পদ্ধতিতে হাতের আঙুল ছাড়া আধার কার্ড তৈরি সম্ভব নয় বলেই তৈরি হয়নি আধার কার্ড৷ কিন্তু, ব্যাংক জানিয়েছে, আধার সংযোগ ছাড়া আর পেনশন দেওয়া যাবে না৷ অ্যাকাউন্টের সঙ্গে পেনশন সংযোগ না থাকায় গত দুই মাস বিনা পেনশনে প্রায় অভুক্ত থাকতে হচ্ছে হরি আপটাকে৷ এই নিয়ে শনিবার ‘সংবাদ প্রতিদিন’-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ ‘সংবাদ প্রতিদিন’-এর খবর পড়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে শুরু করেন৷ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, ‘‘অত্যন্ত বেদনাদায়ক ঘটনা৷ এই অবস্থা কেন হল তা আমি ইসিএলের কাছে জানতে চাইব৷ ওই ব্যক্তির কোনওভাবেই পেনশন যাতে বন্ধ না হয় তা দেখব৷” কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপের পর ফের পেনশন চালু নিয়ে আশার আলো দেখতে শুরু করেছেন হরি আপটা৷
[আইসিডিএস কর্মীর দগ্ধ দেহ উদ্ধার, জয়নগরে চাঞ্চল্য]
১৯৯৮ সালে অন্ডালের খাঁদরার নাগকাজোরা কোলিয়ারির কর্মী হরি আপটা অবসর নেন৷ অবসরের পর থেকে নিয়মিতভাবেই ব্যাংক থেকে পেনশন পাচ্ছিলেন৷ মেয়ের বাড়িতেই থাকেন হরি আপটা৷ আচমকাই ব্যাংক জানিয়ে দেয়, আর তাঁকে পেনশন দেওয়া যাবে না৷ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকায় বন্ধ হয়ে যায় পেনশন৷ কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার কারণে হাতের আঙুলগুলি ক্ষয়ে গিয়েছে বহুদিন আগেই৷ ফলে, কোনওভাবেই আধার কার্ড তৈরি করা আর সম্ভব হয়নি৷ আধার কার্ড না থাকায় আটকে পেনশন৷ ব্যাংক জানিয়েছে, আধার কার্ড ছাড়া কোনওভাবেই তারা আর পেনশনের টাকা দিতে পারবে না৷ পেনশনের টাকা না পেয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েতে জানিয়েও এই বিষয়ে কোন সাফল্য মেলেনি৷ মেলেনি সুরাহা৷ পেনশন আটকে যাওয়ার কারণে রীতিমতো অর্থ সঙ্কটে ভুগছে তিনি৷ পেট চালাতে তাই মেয়ে-জামাইয়ের কাছে গঞ্জনাও শুনতে হচ্ছে৷ অবসর জীবনের কষ্টার্জিত হকের টাকা পেতেও স্রেফ আধার কার্ড না থাকায় ঘুরতে হচ্ছে তাঁকে৷
The post আঙুল নেই, তাই আধার অধরা! খনি শ্রমিকের বন্ধ পেনশন ফেরাতে উদ্যোগ বাবুলের appeared first on Sangbad Pratidin.
