shono
Advertisement
Agnimitra Paul

রাজ্যজুড়ে অভয়া দিবস পালন, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার

আজ, রবিবার রাজ‌্যজুড়ে পালিত হচ্ছে অভয়া দিবস। তৃণমূল জমানায় ঠিক দু’বছর আগে অভিশপ্ত ৯ আগস্ট আর জি কর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে 'ধর্ষণ' ও খুন করা হয়েছিল চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসককে।
Published By: Suhrid DasPosted: 12:23 PM Aug 09, 2026Updated: 12:23 PM Aug 09, 2026

আজ, রবিবার রাজ‌্যজুড়ে পালিত হচ্ছে অভয়া দিবস। তৃণমূল জমানায় ঠিক দু’বছর আগে অভিশপ্ত ৯ আগস্ট আর জি কর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে 'ধর্ষণ' ও খুন করা হয়েছিল চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসককে। তৃণমূল সরকারের আমলে সেই ঘটনার তদন্ত নিয়ে বারবার প্রশ্ন তুলেছে মৃতার পরিবার। রাজ্যে পালাবদলের পর ফের খুলেছে আর জি কর ফাইলস। এই দিন অভয়া দিবস রাজ্যজুড়ে পালন করা হবে। সেই কথাও সরকারের তরফে ঘোষণা হয়। আসানসোল জেলা হাসপাতালেও অভয়া স্মরণের আয়োজন হয়। সেখানে স্বরচিত কবিতা পাঠ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই নারকীয় ঘটনা জানার পরই পৌঁছে গিয়েছিলেন অগ্নিমিত্রা। অন্যান্য বিজেপি নেতৃত্বের সঙ্গে তিনিও অভয়ার বাবা-মায়ের পাশে ছিলেন। সেই কথা আরও একবার জানালেন মন্ত্রী।

Advertisement

এদিন নির্দেশ অনুসারে আসানসোল জেলা হাসপাতালের কনফারেন্স হলে অভয়াকে স্মরণ করা হয়। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) ডা. শেখ মহম্মদ ইউনুস, জেলা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট। অভয়া স্মরণে প্রথমে ২ মিনিট নীরবতা পালন করা হয়। পরে মন্ত্রী অভয়াকে নিয়ে নিজের লেখা কবিতাও পাঠ করেন। স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিটি স্তরের কর্মী ও চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের প্রাথমিক লক্ষ্য। আগামী দিনে যেন এই ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি আর কোনও চিকিৎসকের সঙ্গে না ঘটে, সে বিষয়ে সকলকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, এদিন অভয়া দিবস পালন হবে। সকাল ১১টায় অভয়ার আকস্মিক মৃত‌্যুকে স্মরণ করে দু’মিনিট নীরবতা পালন হয় রাজ্যের সব হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে। প্রদীপ প্রজ্জলন হয় প্রতিটি সরকারি স্বাস্থ‌্যকেন্দ্রে। আর জি কর হাসপাতালেও অভয়াকে স্মরণ করা হয়। ওই ঘটনার পর যাঁরা আর জি করে এসেছিলেন, সিসিটিভিতে যাঁদের দেখা গিয়েছে, সকলকে তলব করা হবে। এমনই জানিয়েছেন স্বাস্থ‌্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ‌্যায়। তাঁর কথায়, ‘‘তদন্ত থেকে যা নির্যাস বেরোবে তা রাজ‌্য সরকারের হাতে তুলে দেওয়া হবে।’’ আজ, রবিবার অভয়ার মা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ নিজের বিধানসভা কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। বিকেলে সেখানে উপস্থিত থাকবেন মুখ‌্যমন্ত্রী এবং স্বাস্থ‌্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement