shono
Advertisement

প্রৌঢ়ের কিডনি-যকৃতে নতুন জীবন পেলেন তিনজন, কলকাতার হাসপাতালে সফল অঙ্গদান

সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন পৌঢ়।
Posted: 12:57 PM Apr 27, 2023Updated: 12:57 PM Apr 27, 2023

স্টাফ রিপোর্টার: সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত প্রৌঢ় যে আর ফিরবেন না, তা জেনে গিয়েছিলেন স্ত্রী ও মেয়ে। ক্রমশ ব্রেন ডেথের দিকে এগোচ্ছে এমনও ইঙ্গিত পেয়েছিলেন তাঁরা। তাই রিজিওন্যাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ করে, কার্ডিয়াক সাপোর্ট অ্যাম্বুল‌্যান্সে প্রৌঢ়কে নিয়ে আসা হয় পিজিতে। যাতে ব্রেন ডেথ নিশ্চিত হলে ওই প্রৌঢ়ের অঙ্গদান করা যায়। বুধবার ছাপ্পান্ন বছরের ওই প্রৌঢ়ের কিডনি ও যকৃতে নতুন জীবন পেলেন তিন জন।

Advertisement

মৃতের পরিবার সূত্রে খবর, ২২ এপ্রিল রাতে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা শম্ভুপ্রসাদ বেরা। রাতেই তাঁকে স্থানীয় মাল্টিসুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান পরিজনেরা। কিন্তু তেমন চিকিৎসা পরিষেবা না থাকায় পরের দিন তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু চিকিৎসা হলেও ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। এরপরে ফের শম্ভুপ্রসাদ বেরাকে চণ্ডীপুরে ফিরিয়ে নিয়ে গিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

[আরও পড়ুন: রামনবমীর অশান্তিতে প্রকৃত দোষী কারা? খুঁজতে NIA তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের]

২৪ এপ্রিল সকালেই সেখানকার চিকিৎসকরা জানিয়ে দেন, প্রৌঢ়র শারীরিক অবস্থা ক্রমশ ব্রেন ডেথের দিকে যাচ্ছে। তাঁর মেয়ে জানান, “আমরা ঠিক করি ব্রেন ডেথ হলে, বাবার অঙ্গে অন্য কেউ অন্তত উপকৃত হোক। বাবাও মরণোত্তর অঙ্গদান, দেহদানে উৎসাহী ছিলেন।” জানা যাচ্ছে, চণ্ডীপুরের ওই হাসপাতালের ব্রেন ডেথ ঘোষণা করার অনুমতি নেই। যে সমস্ত হাসপাতালের অঙ্গ প্রতিস্থাপন কিংবা ‘নন ট্রান্সপ্ল্যান্ট অর্গান রিট্রিভাল’ (প্রতিস্থাপন হয় না, কিন্তু অঙ্গ তোলার অনুমতি রয়েছে)-এর লাইসেন্স নেই তাঁরা ব্রেন ডেথ ঘোষণা করতে পারেন না।

ব্রেন ডেথের বিষয়টি জানার পরে, চণ্ডীপুরের বেসরকারি ওই হাসপাতালের তরফে রোটো-তে যোগাযোগ করেন প্রৌঢ়ের পরিজনেরা। এরপরে ২৪ এপ্রিল দুপুরের মধ্যেই তাঁকে নিয়ে চলে আসেন পিজির ট্রমা কেয়ারে। সেখানে ভর্তি করা হয় প্রৌঢ়কে। পরের দিন তাঁর ব্রেন ডেথ নিশ্চিত করেন চিকিৎসকরা। অঙ্গদানে সম্মতি দেন মেয়ে ও তাঁর স্ত্রী। এরপরে রোটোর মাধ্যমে কিডনি ও যকৃতের গ্রহীতার খোঁজ মেলে। বুধবার সকালে অঙ্গগুলি তোলা হয় প্রৌঢ়ের শরীর থেকে। জানা যাচ্ছে, আলিপুর কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন দু’জন পেয়েছেন দুটি কিডনি। এবং যকৃৎ পেয়েছেন দিল্লির ‘আইএলবিএস’ হাসপাতালের এক রোগী। এ দিনই তিনজনের প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে।

[আরও পড়ুন: ‘কথা কম কাজ বেশি’, প্রশাসনিক বৈঠকে রাজ্যের চার মন্ত্রীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement