shono
Advertisement
Anant Ambani

পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হস্তক্ষেপে ইকবাল শেখ নামের ওই কিশোরকে নিয়ে যাওয়া হয়েছে মুম্বইয়ে। সেখানে স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে তার চিকিৎসা চলছে।
Published By: Jaba SenPosted: 11:16 PM Aug 18, 2026Updated: 01:03 PM Aug 19, 2026

গায়ে তীব্র জ্বালাপোড়া। এর ফলে ৫ বছর ধরে বেশিরভাগ সময়ই জীবন কাটছিল পুকুরের জলে। জল থেকে উঠলেই অসহ্য কষ্ট। মুর্শিদাবাদের (Murshidabad) ১৭ বছরের এক কিশোরের এরকম বিরল রোগ নিয়ে চিন্তায় পড়েছিলেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। সম্প্রতি সোশাল মিডিয়ায় তার একাধিক ভিডিও ভাইরাল হয়। সেখানে তাকে গলা পর্যন্ত জলে ডুবে থাকতে দেখা যায়। এই ভিডিও ভাইরাল হতেই তার চিকিৎসার দায়িত্ব নিল রিলায়েন্স গ্রুপ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির (Anant Ambani) হস্তক্ষেপে ইকবাল শেখ নামের ওই কিশোরকে নিয়ে যাওয়া হয়েছে মুম্বইয়ে। সেখানে স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে তার চিকিৎসা চলছে।

Advertisement

ইকবালের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইকবাল মানসিক ভারসাম্যহীন। পাঁচ বছর আগে থেকে তার স্বভাবে বদল শুরু হয়। আগে এলাকার একাধিক পুকুরে ঘুরে ঘুরে সময় কাটাত সে। কিন্তু গত কয়েকমাস ধরে এলাকার একটি পুকুরেই টানা পড়ে থাকে ইকবাল। স্থানীয় বাসিন্দারা চিঁড়ে-বিস্কুট দিলে তা খেয়েই জলে ভেসে থাকে। জল থেকে উঠে আসতে বললে কথা কানে তোলে না। তাঁকে বাড়িতে আটকে রাখাও সম্ভব হয় না। টানা জলে পড়ে থাকায় তার হাত-পায়ের চামড়া সাদা হয়ে গিয়েছে। শরীরিক অসুস্থতার পাশাপাশি সর্দি-কাশিতেও আক্রান্ত সে। এক বছর আগে ইকবালের বাবা হাসিবুর শেখের মৃত্যু হয়। তার মা কামিরণ বিবি বিড়ি বেঁধে কোনওমতে সংসার চালান। ছেলেকে মানসিক হাসপাতালে দেখিয়েও কোনও লাভ হয়নি। উলটে সে মারধর করে টাকা পয়সা কেড়ে নিয়ে পালিয়ে যায়। ইকবালের আর চিকিৎসা করানোর সামর্থ্য পরিবারের নেই। সেই কারণে তাঁরা আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি ইকবালের জলে ভেসে থাকার কয়েকটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসতেই ওই কিশোরের চিকিৎসার নির্দেশ দিলেন অনন্ত আম্বানি।

জানা গিয়েছে, কয়েকদিন আগে ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে যাওয়া হয়। সেখানে স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement