কিছুদিন আগেই মাকে হারিয়েছেন। সেই শোক সামলে মাঠে নামলেন নীতীশ রানা (Nitish Rana)। জার্সিতে নিজের নয়, ছিল মায়ের নাম। শুধু মাঠে নামা নয়, প্রাক্তন নাইট তারকা হাফসেঞ্চুরিও হাঁকালেন। তারপর আর আবেগ আটকে রাখতে পারেননি। মাঠেই দু'চোখ বেয়ে অঝোরে জল নেমে আসে। আকাশের দিকে হাতও তুললেন নীতীশ। যেন বলতে চাইলেন, 'মা, এটা তোমার জন্য।'
দিল্লি প্রিমিয়ার লিগে ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে খেলেন নীতীশ। তাদের ম্যাচ ছিল সাউথ দিল্লি সুপারস্টারসের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে লায়ন্স ১৬৯ রান তোলে। নীতীশ ৩৩ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। চারটে চারের পাশাপাশি তাঁর ব্যাট থেকে আসে ৬টি ছক্কা। চার মেরে হাফসেঞ্চুরি করেই ভেঙে পড়েন নীতীশ।
গত ৭ আগস্ট প্রয়াত হন দিল্লি তারকার মা। তাঁর স্মরণে নীতীশের জার্সিতে লেখা ছিল মায়ের নাম 'এন. সতীশ।' হাফসেঞ্চুরির পর আকাশের দিকে তাকিয়ে যেন মায়ের কথা মনে করেন নীতীশ। তারপর হাঁটু মুড়ে বসে পড়েন। চোখ দিয়ে অঝোরে জল নেমে আসে। বোতল দিয়ে মুখে জল দেওয়ার পর কিছুটা সুস্থির হন। প্রতিপক্ষ দলের উইকেটকিপারও তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন। তারপর একটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে আউট হন ৩২ বছর বয়সি ক্রিকেটার। তাঁর দল ১০ উইকেটে ম্যাচ হারে।
তবে ম্যাচের ফলাফলের দিকে বেশি চর্চায় নীতীশের মাতৃস্মরণ। দিল্লি প্রিমিয়ার লিগ থেকে সোশাল মিডিয়ায় ওই মুহূর্তের ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে নীতীশের স্ত্রী শাচী মারওয়াহ লিখেছেন, 'মা সবসময় তোমার সঙ্গে আছে।' উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে খেলেন নীতীশ। দলকে নেতৃত্বও দিয়েছিলেন। এখন তিনি দিল্লি ক্যাপিটালসে খেলেন।
