সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ডেস্কটপ থেকে সরাসরি মুঠোফোনে চলে এল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন সংস্থার খবরাখবর জানার ব্যবস্থা৷ অনলাইনে পরিষেবা প্রদানের জন্য এবার অ্যাপ তৈরি করল এডিডিএ৷ অনলাইনের সুবিধাকে আরও প্রসারিত করতেই এডিডিএ-র এই নয়া উদ্যোগ৷ বছর খানেক আগে ‘এডিডিএ অনলাইন’ নামক অনলাইন পরিষেবা চালু করেছে সংস্থা৷ এই সুবিধা চালু করার পর ১২.৫ কোটি টাকার রাজস্ব আদায় সম্ভব হয়েছে বলে দাবি করেছে এডিডিএ৷
এতদিন পর্যন্ত অনলাইন পরিষেবা শুধুমাত্র যাদের ঘরে ডেস্কটপ রয়েছে, একমাত্র তারাই পেত৷ এবার এই অনলাইন পরিষেবাকে আরও উন্নত করতে ও আরও মানুষের কাছে পৌঁছাতে সোমবার থেকে চালু হলো ‘এডিডিএ পে’ মোবাইল অ্যাপ৷ হাতের মুঠোয় স্মার্টফোন থাকলেই এবার এডিডিএতে জমা দেওয়া যাবে যে কোনও ফি৷ অ্যাপ থেকেই মিলবে এনওসি বা মর্টগেজ সংক্রান্ত শংসাপত্রও৷ এই পরিষেবা চালুর পর চলতি অর্থবর্ষে ২৫ থেকে ২৬ কোটি টাকার রাজস্ব আদায় অতি দ্রুত এবং সহজেই সম্ভব হবে বলে আশা কর্তৃপক্ষের৷
[ আকাশপথে নবদ্বীপের চৈতন্য মহাপ্রভুর পাদুকা পৌঁছল বাংলাদেশে ]
মোট উনিশ রকমের ফি এই অ্যাপের মাধ্যমে দেওয়া যাবে বলে এডিডিএ কর্তৃপক্ষ জানিয়েছে৷ নির্দিষ্ট সময়ে ফি জমা দেওয়ার কুড়ি দিন আগেই এই অ্যাপ অ্যালার্ট বা রিমাইন্ডারও দেবে৷ তাই ভুলে যাওয়ারও কোন অবকাশ থাকছে না৷
সোমবার এই অ্যাপ চালু করেন এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় ও সিইও এস অরুণ প্রসাদ৷ এডিডিএ এলাকায় প্রায় দুই হাজার বাণিজ্যিক প্রতিষ্ঠান ও তিন হাজার লিজ হোল্ডার রয়েছেন৷ এবার তাদের আর সংস্থার কার্যালয়ে আসতে হবে না৷ ঘরে বা অফিসে বসেই তারা এডিডিএকে ফি জমা দিতে পারবে৷ সংস্থার চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় জানান, “অনলাইন পরিষেবা চালু হলেও একটা সীমাবদ্ধতা ছিল৷ বেশি মানুষের কাছে পৌঁছান যাচ্ছিল না৷ তাই এই পরিষেবাকে আরও প্রসারিত ও উন্নত করতে এই অ্যাপ চালু করা হল৷” সাধারণ উপভোক্তাদের এর ফলে আর নাজেহাল হতে হবে না বলে জানান সিইও এস অরুণ প্রসাদ৷ তবে, যাদের কাছে স্মার্টফোন নেই তারা স্থানীয় এক বেসরকারি ব্যাংক থেকে এই পরিষেবা পেতে পারবেন বলে জানা গিয়েছে৷
[ প্রতিশ্রুতি মতো শ্রেণিকক্ষে নেই পাখা, স্কুলে ভাঙুচর চালালো পড়ুয়ারা ]
ভবিষ্যতে সংস্থায় থাকা ফাইলও অনলাইনের মাধ্যমেই ট্র্যাক করার পরিষেবাও আনতে চলেছে এডিডিএ। সোমবার একথা জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়৷ এই অনলাইন পরিষেবার সাফল্যের জন্যেই আগামী ২১ থেকে ২৩ জুন দিল্লিতে অনুষ্ঠিত ৫২তম স্কচ সামিটে বিশেষ সম্মানে ভুষিত হচ্ছেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন সংস্থা৷
ছবি: উদয়ন গুহরায়
The post অনলাইনে কাজকর্ম সারতে অ্যাপ আনল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন সংস্থা appeared first on Sangbad Pratidin.
