ভোট আসছে, বাড়ছে রাজনৈতিক উত্তাপ! হাতাহাতিতে জড়াল তৃণমূল-বিজেপি। ফাটল বিজেপি কর্মীর নাক! মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এছাড়াও গুলি করে খুনের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করে পালটা তৃণমূলের দাবি, বিজেপি তাদের দেওয়াল দখল করেছে। ঘটনাটি ঘটেছে হুগলির বৈদ্যবাটি পুরসভা এলাকায়।
বৈদ্যবাটি পুরসভার শেওড়াফুলি কুড়ি নম্বর ওয়ার্ডে তৃণমূল-বিজেপির হাতাহাতি বাধে। বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হরিপদ পালের বিরুদ্ধে। বিজেপির দাবি, দিল্লি রোড সংলগ্ন একটি কেমিক্যাল কারখানা থেকে বিষাক্ত ধোঁয়া বেরয়। গতকাল শুক্রবার রাতে গোবিন্দ কলোনি এলাকায় সেই বিষয়টি দেখতে যান বিজেপি কর্মীরা।
আহত বিজেপি কর্মী। নিজস্ব চিত্র
অভিযোগ সেই সময় কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হরিপদ তাঁর দলবল বিজেপি কর্মীদের উপর চড়াও হন। বেধড়ক মারধর করা হয় তাঁদের। মারধরে নাক ফেটে যায় এক বিজেপি কর্মীর। রাতেই তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতা অমানিশ আইয়ার বলেন, "হরিপদ বলেছে দানা ভরে দেবে। শেওড়াফুলিতে এই রাজনীতি ছিল না। আমরাও এর শেষ দেখে ছাড়ব।"
অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর হরিপদর দাবি, "ঝামেলার কথা শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি বিজেপি কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে। বিজেপি কর্মীরা রাধা গোবিন্দ কলোনি এলাকায় গিয়ে ঝামেলা করে। আমাদের সাংসদের নামে দেওয়াল লেখা ছিল তার উপর বিজেপি পোস্টার লাগিয়ে দেয়। সেটা তুলে নিতে বলা হয়েছিল ওরা শোনেনি।" ঘটনার তদন্ত শুরু হয়েছে।
