রাজা দাস, বালুরঘাট: জটিল ও জরুরি চিকিৎসায় স্থানান্তর করার প্রথা দূরে সরিয়ে জটিল অস্ত্রোপচারে অভাবনীয় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল৷ প্রযুক্তির ব্যবহার ও সাহসী মনোভাবের সৌজন্যে লিভারে ফাটল সারিয়ে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে নজির গড়লেন চিকিৎসক অভিজিৎ বকসি৷
[পাহাড়ের নিচে ১০ কোটি বছরের জীবাশ্ম, বীরভূমে ঐতিহাসিক খোঁজ]
জানা গিয়েছে, বালুরঘাট থানার খিদিরপুর হালদারপাড়ার বাসিন্দা বছর একুশের যুবক অভিজিৎ হালদার৷ গত ২৮ জুলাই বাইক দুর্ঘটনায় পেটে গুরুতর চোট নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে তাঁকে ভর্তি করেন পরিবারের সদস্যরা৷ চিকিৎসক অভিজিৎ বকসির অধীনে যুবকটির চিকিৎসা শুরু হয়৷ পরীক্ষা নিরীক্ষার পর যুবকের পেটে বড় ধরনের রক্তের জমাট বেধেছে জানতে পারেন চিকিৎসক৷ লিভারে ১০ সেন্টিমিটার ফাটলও লক্ষ্য করেন তাঁরা৷ লিভারে ফাটল থেকে রক্তক্ষরণের জেরে পেটের মধ্যেই জমাট বাঁধে শক্ত৷ আর এর জেরে রোগীর পরিস্থিতির অবনতি হতে থাকে৷ তবে, রেফার না করে রোগীর প্রাণ বাঁচাতে ঝুঁকলেন চিকিৎসকরা৷ ঝুঁকি থাকলেও অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ পরিবারের তরফে সম্মতি নেওয়ার পর শুরু হয় রোগীর অস্ত্রোপচারের কাজ৷ ল্যাপরোস্কপি যন্ত্রের সাহায্য নিয়ে চিকিৎসক অভিজিৎ বকসি গত ৩০ জুন অস্ত্রোপচার করেন৷ সফল হয় অস্ত্রোপচার৷ কিন্তু, তখনও বিপদ কাটেনি রোগীর৷ টানা এক সপ্তাহ পর্যবেক্ষণের রাখা হয় ওই যুবকে৷ অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন ওই যুবক৷
[রহস্যজনকভাবে উধাও রেস্তরাঁর ৬ কর্মী, বাগডোগরা বিমানবন্দরে চাঞ্চল্য]
জটিল অস্ত্রোপচারের পর সার্জন ড: অভিজিৎ বকসি জানান, পেরিটোনাইটিস ও হিমোপেরিটোনিয়া নিয়ে যুবকটি এসেছিলেন হাসপাতালে। এক্ষেত্রে পেট সম্পূর্ণ কেটে অপারেশন করতে হয়৷ তাতে রোগীর বাঁচার সম্ভাবনা অনেক কম৷ তবুও ঝুঁকি নেন তিনি৷ পরিবারের সদস্যদের বুঝিয়ে রাজি করান৷ ল্যাপরোস্কপি পদ্ধতিতে অপারেশন করার সিদ্ধান্ত নেন তিনি৷ এতে তাঁকে সাহায্য করে অন্য এক সার্জেন্ট মহেন্দ্র কুমার, এনাসথেটিস সঞ্জীব পাল৷ জটিল অপারেশন করে বর্তমানে রোগী সুস্থ স্বাভাবিক৷ সুপার স্পেশালিটিতে থাকা অত্যাধুনিক যন্ত্রপাতির জন্য তিনি এই পদক্ষেপ গ্রহণে সাহস পেয়েছিলেন বলে জানান তিনি৷
বালুরঘাট জেলা হাসপাতালের সুপার তপন বিশ্বাস জানান, চিকিৎসক যখন ল্যাপরোস্কপি করার সিদ্ধান্ত নেন তখন তিনিও দুশ্চিন্তায় ছিলেন৷ কেননা ল্যাপরোস্কপির দ্বারা শুধুমাত্র আগে থেকে চিহ্নিত হওয়া রোগের অপারেশন করা হয়৷ জরুরি অপারেশনের ক্ষেত্রে এই যন্ত্রের ব্যবহার করা হয় না৷ কিন্তু, চিকিৎসক অভিজিৎ বকসির এই কাজে তাঁরা গর্বিত৷
The post দুর্ঘটনায় লিভারে ফাটল, পেটের জমাট রক্ত সরিয়ে যুবকের প্রাণ বাঁচালেন চিকিৎসক appeared first on Sangbad Pratidin.
