সোমনাথ পাল, বনগাঁ: প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদীর মৃত্যু এ রাজ্যে নতুন ঘটনা নয়। আবারও মদ্যপদের হাতে আক্রান্ত হলেন এক প্রতিবাদী। এবারের ঘটনা আরও অমানবিক। মদ্যপদের হাত থেকে রেহাই পেলেন না অন্তঃসত্ত্বাও।
[প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা কাজী আব্দুল গফ্ফর, রাজনৈতিক মহলে শোকের ছায়া]
বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার পুরাতন বনগাঁ জোড়া ব্রিজ এলাকায়৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা রিনা মণ্ডল নামে বছর চব্বিশের এক গৃহবধূকে নিয়ে তাঁর ঠাকুরমা কিরণবালা দেবী যাচ্ছিলেন চিকিৎসকের কাছে৷ অভিযোগ, সেই সময়ই কালীতলা জোড়া ব্রিজের কাছে রাস্তার উপর স্থানীয় যুবক জীতেন সরকার, দাদা যতীন সরকার ও বাবা শংকর সরকার ঘিরে ধরে গৃহবধূকে। তারপর তাঁর উপর চড়াও হয়ে ধরে বেধড়ক মারধর শুরু করে৷ অভিযুক্তদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা গৃহবধূর তলপেটে লাথি মারে বলেও অভিযোগ। এমন কাণ্ড দেখে রীতিমতো হকচকিয়ে যায় তাঁর পরিবার। অভিযুক্তদের ঠেকাতে গেলে ওই গৃহবধূর মা ও ঠাকুরমাকেও মারধর করা হয় বলে খবর৷ এরপরই আক্রান্তরা বনগাঁ থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷
[মেটিয়াবুরুজে নিখোঁজ কিশোরীকে নিয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ লালবাজারের]
ঘটনার সূত্রপাত মঙ্গলবার। অভিযোগ, গতকাল বিকেলে আক্রান্তদের বাড়ির পাশেই বাগানে বসে মদ খাচ্ছিল অভিযুক্তরা৷ ওই সময় আসর থেকে মদ্যপরা অন্তঃসত্ত্বা রিনা মণ্ডল এবং তাঁর মাকে নানা অশ্লীল ইঙ্গিতপূর্ণ কটূক্তি করতে থাকেন৷ এরপরই ঘটনার প্রতিবাদ জানান ওই গৃহবধূ, তাঁর মা এবং ঠাকুরমা। তখনকার মতো মদ্যপরা ওই এলাকা ছাড়লেও ওই ঘটনার প্রতিশোধ নিতেই বুধবার সকালে ষড়যন্ত্র করে প্রতিবাদীদের বেদম প্রহার করে অভিযুক্তরা। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রীনা দেবীকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
The post প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত অন্তঃসত্ত্বা, তলপেটে লাথি মারল দুষ্কৃতীরা appeared first on Sangbad Pratidin.
