মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল টিটাগড়। ঘটনাস্থলে পৌঁছে খড়দহ থানার পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। সেখানেই এক পুলিশকর্মীর হাতে ট্যাটু দেখে ক্ষোভও প্রকাশ করেন তিনি। শৃঙ্খলাবদ্ধ বাহিনীর কর্মীর হাতে ট্যাটু কীভাবে থাকে, তা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক।
টিটাগড় পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের টাটা গেট এলাকায় তৃণমূল কার্যালয়ের সামনে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া একটি ব্যানার ছেঁড়া অবস্থায় দেখতে পান বিজেপি কর্মীরা। তা নিয়েই অশান্তির সূত্রপাত।
এরই মধ্যে 'কাটমানি' দাবি ও মারধরের অভিযোগে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক বিজেপি কর্মী। ঘটনায় বিধায়ক ঘনিষ্ঠ বলে পরিচিত বিধান রাও-সহ কয়েকজনের নাম উঠে এসেছে অভিযোগে। জানা গিয়েছে, টিটাগড় পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের টাটা গেট এলাকায় তৃণমূল কার্যালয়ের সামনে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া একটি ব্যানার ছেঁড়া অবস্থায় দেখতে পান বিজেপি কর্মীরা। সেখানে পৌঁছন কৌস্তভ বাগচী। কিছুক্ষণে আসে খড়দহ থানার পুলিশ।
অভিযোগ, সেই সময় পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক। এক পুলিশকর্মীর হাতে ট্যাটু দেখে প্রকাশ্যেই আপত্তি জানান তিনি। তা নিয়েই এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি। যদিও অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর দাবি, বিজেপি অকারণে রাজনৈতিক উত্তেজনা তৈরির চেষ্টা করছে। এরই মধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় মার্বেল ঠিকাদার তথা বিজেপি কর্মী অজয় বাগ।
