সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিনের বাঙালিয়ানা। এ কটাক্ষ বিগত কয়েক বছর জুটেছে পয়লা বোশেখের কপালে। তবে তাতে অবশ্য চিরায়ত ঐতিহ্যে ভাটা পড়েনি। ১৪২৫-এর শুরুটাও তাই হল চেনা ছন্দে। কালীঘাট থেকে দক্ষিণেশ্বরে চেনা ভিড়। পুজো দিয়ে দিন শুরু ব্যবসায়ীদের। নতুন খাতার কপালে পড়ছে সিঁদুরের ফোঁটা। প্রভাতফেরি থেকে মিষ্টিমুখে সাদরে বৈশাখ বরণ বাঙালির।
পয়লা নাকি একলা বৈশাখ? নববর্ষের রোদ বাঙালির ঘরদুয়ারে এসে পড়লেই এ প্রশ্নও ঘোরাফেরা করতে শুরু করে৷ হ্যাপি নিউ ইয়ারের চক্করে বাঙালির বোশেখ নাকি ক্রমশ কোণঠাসা হতে হতে একলাই হয়ে পড়েছে৷ সে হালখাতাও নেই, সে মিষ্টিমুখও নেই৷ সে শুভেচ্ছা জানানোর রীতি-রেওয়াজও নাকি তলানিতে৷ আজ আর নববর্ষের শুভেচ্ছা মাখানো চিঠি আসে না বৈশাখের সকালে৷
সত্যিই কি ছবিটা তাই?
আসলে বাঙালিই বাঙালিকে ভুল প্রমাণিত করে৷ আর তাই শত্তুরের মুখে ছাই দিয়ে সেই পুরনো মেজাজেই জমে উঠেছে বাঙালির পয়লা বৈশাখ৷ রবিবার সকাল সকাল ছুটির ঘুম তুলে রেখে যাঁরা মঙ্গলযাত্রায় শামিল হলেন, তাঁরা বাঙালিই। সুকান্ত সেতু থেকে ঢাকুরিয়া পর্যন্ত রঙিন শোভাযাত্রা বলে উঠল, এসো হে বৈশাখ…। উল্টোডাঙাতেও শোভাযাত্রা। এছাড়া পাড়ার মোড়ে মোড়ে ছোট-বড় মিলে হাজারও আয়োজনে জমজমাট বাঙালির বৈশাখ বরণ। এদিকে আজই আবার বিশ্ব শিল্পকলা দিবস। পার্ক স্ট্রিটে তাই শিল্পী-অনুরাগীরা এগিয়ে চললেন হাতে হাত হাত রেখে, সৃষ্টিসুখের উল্লাসে।
[ নববর্ষের উৎসবে মাতল ঢাকা, রমনার বটমূলে বর্ষবরণ ]
এদিকে কালীঘাট থেকে দক্ষিণেশ্বরেও চেনা ছবি। হাতে ধরা পুজোর ডালা। তাতে ফুল মিষ্টির পাশেই উঁকি দিচ্ছে নতুন খাতা। পুরোহিত টাকার ছাপ দিয়ে, সিঁদুরে লিখে দিচ্ছেন ‘ওঁ’। শুরু নতুন খাতার হিসেব রাখার পালা। নববর্ষ উপলক্ষে তারাপীঠেও আজ বিশেষ পুজোর আয়োজন। এবছর আবার অমাবস্যা যোগ। পুজোপাঠ তাই সকাল সকাল সেরেই নিচ্ছেন ব্যবসায়ীরা। মন্দিরে মন্দিরেও তাই সকাল হতে না হতেই ভিড়। হালখাতার আয়োজনও সারা। বেলা বাড়ার সঙ্গেই সঙ্গেই বছরকার ক্রেতা-বিক্রেতার সম্পর্ক ঝালিয়ে নিয়ে মিষ্টিমুখ শুরু হবে। বছরের এই একটা দিন অন্যরকম। যতই একলা বৈশাখ বলে নিন্দুকে দুয়ো দিক, বাঙালির বৈশাখ একলা নয়। হ্যাঁ, হয়তো সারা বছর আর মনে থাকে না বাংলা তারিখ। সালটা বলতে গেলেও হয়তো তোতলাতে হয়। তবু এই একটা দিন নিখাদ বাঙালিয়ানায় বাঙালি বুঝে নেয়, বাঙালির যা গিয়েছে তা একেবারেই হারায়নি। এখনও আছে তার নিজস্ব সম্পদ, ঐতিহ্য ও উদযাপন।
The post প্রভাতফেরি-পুজো আর মিষ্টিমুখ, সাদরে বৈশাখ বরণ বাঙালির appeared first on Sangbad Pratidin.
