shono
Advertisement

আসন্ন পঞ্চায়েত ভোটে বঙ্গ বিজেপিতে বড় দায়িত্বে মুকুল

মুকুল রায়ের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে দলীয় নেতৃত্ব। The post আসন্ন পঞ্চায়েত ভোটে বঙ্গ বিজেপিতে বড় দায়িত্বে মুকুল appeared first on Sangbad Pratidin.
Posted: 06:42 PM Feb 24, 2018Updated: 03:40 PM Sep 16, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: দলবদলের পর বড় দায়িত্ব পেলেন মুকুল রায়। আসন্ন পঞ্চায়েত ভোটে বঙ্গ বিজেপির নির্বাচনী কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হল তাঁকে। শনিবার দলের পঞ্চায়েত সম্মেলনে কেন্দ্রীয় নেতৃত্বের পৌরহিত্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে দলের প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্যকে তাঁর ডেপুটি করে সহ-আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিন ন্যাশনাল লাইব্রেরির অডিটোরিয়ামে বসেছিল বঙ্গ বিজেপির দলীয় সম্মেলন। নির্বাচন কমিটিতে অন্যান্য দায়িত্বে থাকছেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা জাতীয় সচিব রাহুল সিনহা, বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ শীর্ষ নেতারা।

Advertisement

[বুথের লড়াইকে শ্মশান পর্যন্ত নিয়ে যাব, পঞ্চায়েত ভোটের আগে হুঁশিয়ারি দিলীপের]

পঞ্চায়েত ভোটে দলের রণকৌশল ঠিক করতে এবার রাজ্যের প্রতি বুথে বুথে পঞ্চায়েত সম্মেলন হবে। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের সম্মেলনে। রাজ্য বিজেপির আইটি সেল আর বুদ্ধিজীবী সেলের নতুন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। দুটি জেলার সভাপতিও বদল করা হয়েছে। এদিন সম্মেলনের পর সাংবাদিক বৈঠক করে তা জানিয়ে দেওয়া হয়। একইসঙ্গে এদিন দলীয় নেতাদের কড়া বার্তা দেওয়া হয়েছে সম্মেলন থেকে। তাঁদের বলা হয়েছে, আর বুথ কমিটি না করতে পারলে জেলা সভাপতি থাকার দরকার নেই। সূত্রের খবর দলের কেন্দ্রীয় নেতা তথা বঙ্গ বিজেপির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এমনটা বলেছেন রাজ্য নেতাদের। উল্লেখ্য, এদিন বুথে বুথে লড়াই দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শাসকদলকে কড়া বার্তা দিয়ে তিনি জানিয়েছেন, বুথের লড়াই তিনি শ্মশান পর্যন্ত নিয়ে যাবেন।

[‘এটা আমার কাছে ব্ল্যাক ডে’, শো-কজের পর বিস্ফোরক অনুপম]

প্রসঙ্গত, গতবছর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম এতবড় দায়িত্ব পেলেন মুকুল। সূত্রের খবর, ২০০৯-এর লোকসভা ও ২০১১-এর বিধানসভা ভোটে তৃণমূলের অসামান্য সাফল্যের নেপথ্য কারিগর হিসাবে মুকুল রায়ের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে দলীয় নেতৃত্ব। নির্বাচনী ময়দানে মুকুলের সুনাম রয়েছে রাজ্য রাজনীতিতে। দায়িত্ব পাওয়ার পরই মুকুল জানিয়েছেন, শাসকদলের ভয়ের রাজনীতি করে বিরোধীদের প্রার্থী হতে না দেওয়ার পালটা দেবেন তিনি। বোঝাই যাচ্ছে, এবারের পঞ্চায়েত ভোটের উত্তাপের পারদ বাড়বে।

The post আসন্ন পঞ্চায়েত ভোটে বঙ্গ বিজেপিতে বড় দায়িত্বে মুকুল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার