shono
Advertisement
Basirhat

বসিরহাটে দ্রুত উপনির্বাচনের দাবি বিজেপির, শুরু প্রস্তুতিও

দীর্ঘদিন ধরেই বসিরহাট লোকসভা কেন্দ্রটি শূন্য পড়ে রয়েছে। সেই পরিস্থিতিতে দ্রুত উপনির্বাচনের দাবিতে সরব হয়েছে রাজ্যের শাসক দল বিজেপি। দলের বক্তব্য, শূন্য আসনে দীর্ঘ সময় জনপ্রতিনিধি না থাকায় এলাকার মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
Published By: Subhankar PatraPosted: 11:55 AM Jun 27, 2026Updated: 12:25 PM Jun 27, 2026

বসিরহাট লোকসভা কেন্দ্রের সম্ভাব্য উপনির্বাচনকে সামনে রেখে সংগঠন গোছানোর পাশাপাশি প্রার্থী খোঁজার প্রক্রিয়াও শুরু করে দিল বিজেপি। বৃহস্পতিবার বসিরহাট সফরে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য স্থানীয় নেতৃত্ব-কর্মীদের সঙ্গে বৈঠক করেন। দলীয় সূত্রের দাবি, বৈঠকে সম্ভাব্য উপনির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয় এবং প্রার্থী নির্বাচনের প্রাথমিক রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে।

Advertisement

দীর্ঘদিন ধরেই বসিরহাট লোকসভা কেন্দ্রটি শূন্য পড়ে রয়েছে। সেই পরিস্থিতিতে দ্রুত উপনির্বাচনের দাবিতে সরব হয়েছে রাজ্যের শাসক দল বিজেপি। দলের বক্তব্য, শূন্য আসনে দীর্ঘ সময় জনপ্রতিনিধি না থাকায় এলাকার মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজেপির দাবি, রাজ্যের শূন্য থাকা বিধানসভা কেন্দ্রগুলির উপনির্বাচনের সঙ্গে একই সময়ে বসিরহাট লোকসভা কেন্দ্রেও ভোট করানো হোক। এ প্রসঙ্গে দলের মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, "প্রায় দু'বছর হতে চলল বসিরহাটে সাংসদ নেই। এত দীর্ঘ সময় একটি লোকসভা জনপ্রতিনিধিহীন থাকা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে কাম্য নয়। আমরা চাই, আর দেরি না করে নির্বাচন কমিশন দ্রুত উপনির্বাচনের দিন ঘোষণা করুক।"

বিজেপির অন্দরের একাংশের দাবি, ভোটের সম্ভাবনা মাথায় রেখে এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে চাইছে দল। সম্ভাব্য প্রার্থীদের গ্রহণযোগ্যতা, স্থানীয় সংগঠনের মতামত এবং রাজনৈতিক সমীকরণ-সব দিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও সম্ভাব্য কোনও প্রার্থীর নাম নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি দলের নেতারা। অন্যদিকে, উপনির্বাচনের দিনক্ষণ নিয়ে এখনও নির্বাচন কমিশনের তরফে কোনও ঘোষণা হয়নি। তবে রাজনৈতিক মহলের মতে, নির্বাচন যত এগিয়ে আসবে, ততই বসিরহাটকে ঘিরে শাসক ও বিরোধী-উভয় শিবিরের তৎপরতা বাড়বে। বিজেপির সাম্প্রতিক উদ্যোগ সেই প্রস্তুতিরই স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement